× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার নদীর ভাঙনে ঝুঁকিতে শত শত পরিবার

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২০:০৯ পিএম

দুধকুমার নদের তীব্র ভাঙনে বিলীনের পথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রাম। নদী গিলে খাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে পাউবো কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুধকুমার নদের তীব্র ভাঙনে বিলীনের পথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রাম। নদী গিলে খাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে পাউবো কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের বুক চিরে প্রবাহিত চার আন্তঃসীমান্ত নদÑ ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার।

বর্ষা মৌসুমে এসব নদে পানি বাড়া-কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙন। জেলার অন্তত ৭০টি স্থানে এখন তীব্র নদীভাঙন চলছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চর ও নিম্নাঞ্চলের বসতিগুলো।

চলতি বর্ষা মৌসুমে নদীর প্রবল স্রোতে ইতোমধ্যে শত শত বসতভিটা, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো নদীপাড়ের অসংখ্য পরিবার রয়েছে চরম ঝুঁকিতে। বছরের পর বছর ভাঙনের সঙ্গে লড়াই করা এসব মানুষের দাবি, সাময়িক ব্যবস্থা নয়- স্থায়ী বাঁধ নির্মাণ ও টেকসই নদীশাসন।

সরেজমিন জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, কোথাও বসতভিটার মাটি হুড়মুড় করে নদীতে পড়ছে। ভাঙনের মুখে পড়া ঘরবাড়ি সরিয়ে নিতে ব্যস্ত মানুষ। কেউ টিনের চাল, দরজা-জানালা খুলে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। কেউ আবার যানবাহনে আসবাবপত্র তুলে নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছেন। আর অনেকেই অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছেন, চোখের সামনে নদীর পেটে তলিয়ে যাচ্ছে তাদের শেষ সম্বলটুকু।

ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষের দিন কাটছে উদ্বেগে, রাত কাটছে নির্ঘুম। আজ যে বসতভিটায় ঘর আছে, কাল সেটি নদীতে থাকবে কি না- এই শঙ্কাই এখন তাদের মনের নিত্যসঙ্গী।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, কুড়িগ্রামের প্রধান চার নদীর দুই তীরের দৈর্ঘ্য প্রায় ৩৬০ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ রয়েছে মাত্র ৭০ কিলোমিটার এলাকায়। ফলে, প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকায় দেখা দেয় ভাঙন। নদীগর্ভে বিলীন হয় বসতভিটা ও কৃষিজমি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

 সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা শামছুল হক বলেন, “প্রতিবছর নদী ধীরে ধীরে আমাদের সব কেড়ে নিচ্ছে। আমাদের গ্রামটা প্রায় ধ্বংসের মুখে। এখন শেষ বসতভিটা টুকুও বিলীন হতে চলেছে। আমরা আর সাময়িক ত্রাণ চাই না, স্থায়ী সমাধান হিসেবে টেকসই বাঁধ চাই।”

 চিলমারী ইউনিয়নের কড়াই বরিশালের বাসিন্দা শাহেদ মোল্লা বলেন, “ব্রহ্মপুত্র নদের ভাঙনে আমাদের গ্রামটি প্রায় শেষ হয়ে এসেছে। যেটুকু অবশিষ্ট আছে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে এই গ্রামের অস্তিত্বই মুছে যাবে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “আমরা ইতোমধ্যে অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছি। যেসব এলাকায় ভাঙনের তীব্রতা বেশি, সেখানে জিওব্যাগ ফেলে তাৎক্ষণিক সুরক্ষার কাজ চালানো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া স্থায়ী নদী শাসনে কার্যকরী উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।”

 তবে নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, ভাঙন শুরু হওয়ার পর সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নয়; নদী শাসনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন রোধ করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে প্রতিবছরের মতো এবারও নদীগর্ভে বিলীন হবে আরও বসতভিটা, ফসলি জমি ও মানুষের স্বপ্ন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা