বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৯:৪০ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত সময়ে কার্যকর করার দাবিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক মজুরি ৫০০ টাকা দ্রুত সময়ে কার্যকর করার দাবিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকেরা।
একই সঙ্গে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
রবিবার উপজেলার দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় শতাধিক শ্রমিক বাগানের কাজ বন্ধ রেখে এতে অংশ নেন। পরে তারা কাজে ফিরে যান।
সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। এটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাক্টরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ফ্যাক্টরির সামনে পথসভা করেন শ্রমিকেরা।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন- কমিটির সহসভাপতি পার্বতী ফুলমালী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক যোগল ফুলমালী প্রমুখ।
পথসভায় শ্রমিকেরা বলেন, আমরা কি কষ্টে আছি, তা আমরাই জানি। দীর্ঘদিন ধরে নানা সংকটে জীবন পার করছি। দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। বাগানে চিকিৎসকও নেই। অসুস্থ হলে শ্রমিকদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে।
সমাবেশে শ্রমিকেরা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের আয় দিয়ে পরিবারের খাবার, চিকিৎসা, সন্তানদের পড়াশোনাসহ অন্যান্য প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই জাতীয় সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি দ্রুত কার্যকর করতে হবে।
শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।