ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৯:০৬ পিএম
ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধ এক মাস পর ফের সংঘর্ষ, পুলিশ ও র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধ এক মাস পর আবারও সংঘর্ষে রূপ নিয়েছে। রবিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মিরারচর গ্রামের কয়েকজন যুবক বাজারে গেলে আকবরনগর গ্রামের যুবকেরা তাদের আটক করে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ ইটপাটকেল, লাঠিসোঁটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে সহযোগিতা করেন।
এর আগে গত ২৭ জুলাই একই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সেদিন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ও রেলপথ দখল করে সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। জেলা পুলিশ, ভৈরব র্যাব ক্যাম্প, ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশের সদস্যরা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে মিরারচর গ্রামের মাসুদ মিয়া (৩৭) ও হিরণ মিয়া (৩২) নিহত হন।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, বাজারের নামকরণ নিয়ে আবারও দুই গ্রামের বাসিন্দারা আক্রমণাত্মক হয়ে ওঠেন। বিএনপির নেতৃবৃন্দ ও ভৈরব থানার ওসিসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বদ্ধপরিকর।