ময়মনসিংহ অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৫২ পিএম
স্কুলছাত্র সিয়াম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৈশাখী মেলায় কথা-কাটাকাটির জেরে স্কুলছাত্র মো. সিয়াম (১৫) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন এলাকাবাসী।
রবিবার সকাল ১১টা থেকে মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন তারা।
সিয়ামের সহপাঠী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় আমার ভাই কবরে, খুনি কেন বাইরেসহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অবরোধের কারণে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মানকোন এলাকার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় মুক্তাগাছা থানা পুলিশ।
নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আবদুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা আবদুস সালাম কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। মেলায় বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চার মাস আগে সিয়াম নামে এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।