কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় মো. শাহ আলম নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় মো. শাহ আলম নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম ও পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
গত শনিবার সন্ধ্যার দিকে বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী শাহ আলম বলেন, তিনি ৮৩ শতাংশ জমি বিক্রি করেছেন এবং জমির বায়না বাবদ ক্রেতার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদসংলগ্ন চৌরাস্তা বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় পেছন থেকে রুমান, দীন ইসলাম ও তুহিন নামের তিন সন্ত্রাসী কাঠের চলা (লাঠি) দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তার ডান হাত, ডান পাসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।
আহত শাহ আলমের অভিযোগ, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদারের নির্দেশনায় সন্ত্রাসী হামলা করেছে।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তবে পায়ের গোড়ালির অবস্থা গুরুতর। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল রেফার করা হয়েছে।
বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর হাওলাদার বলেন, আমি ব্যক্তিগত কাজে কলাপাড়ায় ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।