হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৪৪ পিএম
হবিগঞ্জ মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে আরও ৫ শিক্ষার্থীকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
শনিবার রাতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুর বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত ১৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তাফসির চহমেদ নামে এক শিক্ষার্থী, যার একটি চোখ নষ্ট হওয়ার উপক্রম। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিন ২০ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৭ আগস্ট তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ অনুযায়ী শনিবার ২২তম একাডেমিক সভায় তা চূড়ান্ত অনুমোদন করা হয়।
সভায় শিক্ষার্থী শরীফ উদ্দিন খানকে (সপ্তম ব্যাচ) ৭ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়। রজব সানিকে (সপ্তম ব্যাচ) ৪ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার। আশীষ চন্দ্র চন্দকে (সপ্তম ব্যাচ) ২ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার। আব্দুল্লাহ আবু আফফাজ (অষ্টম ব্যাচ) ১৮ মাসের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার। মো. রায়হান আলী ও সাজ্জাদ ইসলাম সম্রাট (অষ্টম ব্যাচ) ১ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার। ফারদিন রহমান ইফতিকে (অষ্টম ব্যাচ) ৬ মাসের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার। মো. আকিব মাহমুদকে ১ বছরের জন্য শুধু ছাত্রাবাস থেকে বহিষ্কার।
এ ছাড়া সংঘর্ষে ইন্ধন দেওয়ার অভিযোগে ডিএমএ নাঈফ রাজা চৌধুরী, মো. আকিব মাহমুদ, মো. অরণ্য হাসান রিয়ন, মো. ইমতিয়াজ আলম ভূইয়া ও মাহমুদ খানকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিল্লুল বারী বলেন, ২৯ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হয়েছে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী সংক্ষুব্ধ শিক্ষার্থীরা আদেশ জারির ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আপিল করার সুযোগ পাবেন।