দশমিনা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৩৮ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৫০ পিএম
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেড় বছরের শিশু মুসা ঠিকমতো কথা বলতে শেখেনি। বাজারে ঘুরাতে নিয়ে যাওয়ার কথা বলে দাদি মাহফুজা বেগমের কাছ থেকে তাকে নিয়ে যান বাবা মারুফ মুন্সি। এরপর দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাবা-ছেলে বাড়ি না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে জানতে পারেন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে।
আইফোন কেনার জন্য ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে। মারুফ মুন্সি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, শনিবার সকালে মারুফ মুন্সি মা মাহফুজা বেগমের কাছ থেকে বাজারে ঘুরাতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের শিশুপুত্র মুসাকে নিয়ে যান। এরপর তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে জানতে পারেন, মুসাকে আলীপুর ইউনিয়নের রমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। আইফোন কেনার জন্য ওই টাকা নেওয়া হয়েছে।
পরিবারের দাবি, সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান মারুফ। সেখানে পুরোনো আইফোন পাল্টে নতুন আইফোন কেনার পর তিনি তার মামা বাহাদুর মিয়ার বাসায় যান। এ সময় মুসা কোথায়Ñজানতে চাইলে প্রথমে বিষয়টি অস্বীকার করেন মারুফ। পরে চাপ সৃষ্টি করলে তিনি শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে ইমরানের কাছে লিখিতভাবে হস্তান্তরের কথা স্বীকার করেন।
মাহফুজা বেগম বলেন, বছর চারেক আগে ঢাকার সাভারের বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে মারুফ। তাদের সংসারে মুসা জন্ম নেয়। প্রায় এক মাস আগে পারিবারিক কলহের জেরে বাবার বাড়ি চলে যায় বৃষ্টি। সেই থেকে মুসা আমার কাছেই ছিল। কয়েকদিন আগে মারুফও ঢাকায় চলে যায়। শুক্রবার সন্ধ্যার আগে বাড়ি ফেরে সে। তিনি আরও বলেন, আমার নাতি মুসাকে ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে দাবিÑ মুসাকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক।
শিশুটিকে নেওয়ার কথা স্বীকার করে মোবাইল ফোনে ইমরান হোসেন বলেন, মারুফ মুন্সি দীর্ঘদিন ধরে নিজের শিশুপুত্রকে আমার কাছে দেওয়ার কথা বলে আসছিল। আমার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলেসন্তান নেই। এ কারণে সবার সঙ্গে আলোচনা করে এক লাখ টাকার বিনিময়ে লিখিতভাবে শিশু মুসাকে নিয়েছি। পরে শনিবার বিকালে শিশুটিকে শ্বশুরবাড়ি দিয়ে আসি।
তবে দেড় বছরের একটি শিশুকে অর্থের বিনিময়ে এভাবে অন্যের কাছে দেওয়ার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, শিশুটিকে বিক্রির অভিযোগ পাওয়ার পর তাকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
শিশুটির বর্তমান অবস্থান কোথায় এবং তাকে কার কাছে রাখা হয়েছেÑতা নিশ্চিত করতে তদন্ত চলছে। একই সঙ্গে শিশুটিকে উদ্ধারের পর অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।