× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিনএনজি চালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় রিলাক্স রেস্টুরেন্টের সামনে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন মিয়া (৪০), হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর এলাকার বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) এবং বদিউল আলমের নাতনি জারা মনি (৮)।

আহতরা হলেন বদিউল আলম (৫০), তার নাতি আতিকুল ইসলাম (৮), নাতনি প্রিয়া আক্তার (২২) ও মেয়ে বর্ণা বেগম (৩০)। তারা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীনূর রহমান এই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বদিউল আলম তার পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখানে স্বজনের সঙ্গে দেখা করে পরিবারের সদস্যরা একসঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে হবিগঞ্জের আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।


কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক দিয়ে কটিয়াদীর দিকে আসছিলেন তারা। দুপুর আড়াইটার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় রিলাক্স রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। বাকিদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার ও শিশু জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে”।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কের ওপর পড়ে থাকায় ওই সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি নবীনূর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা