× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এপিএম টার্মিনাল নির্মাণ দেশের জন্য ‘মাইলস্টোন’: আমির খসরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৫:১৯ পিএম

এপি মোলার মার্স্কের টার্মিনাল নির্মাণকে দেশের অর্থনীতি ও বন্দর খাতের জন্য ‘মাইলস্টোন’ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এপি মোলার মার্স্কের টার্মিনাল নির্মাণকে দেশের অর্থনীতি ও বন্দর খাতের জন্য ‘মাইলস্টোন’ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে এপি মোলার মার্স্কের টার্মিনাল নির্মাণের উদ্যোগকে দেশের অর্থনীতি ও বন্দর খাতের জন্য ‘মাইলস্টোন’ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, এপি মোলারের বাংলাদেশে আসাটা একটি মাইলস্টোন। তারা লালদিয়ায় একটি আধুনিক বন্দর নির্মাণ করবে। এ কাজে সরকার এপিএম টার্মিনালসকে সর্বাত্মক সহযোগিতা করছে।

চট্টগ্রামের পতেঙ্গায় এপিএম টার্মিনালস লালদিয়ার ভিত্তিস্থাপন বা গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নিজের সংসদীয় আসনে এই টার্মিনাল নির্মাণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আনন্দিত, আমার সংসদীয় আসনে এ টার্মিনাল হচ্ছে।’

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখন একটি নির্বাচিত সরকার রয়েছে এবং সরকারের রয়েছে উচ্চাভিলাষী অর্থনৈতিক কর্মসূচি। বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিতে হলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, এপিএম টার্মিনালস বিভির গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জেক ক্রেইগ, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন এপিএম টার্মিনালস লালদিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড। 

বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে দেশের বন্দর ও বাণিজ্য খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আন্তর্জাতিক মানে উন্নীত হবে।

তিনি আরও বলেন, এপিএম টার্মিনাল লালদিয়া পিপিপি পদ্ধতিতে একটি বড় বিনিয়োগ। এখানে আধুনিক অনেক সুবিধা থাকবে। এটি জাতির জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ।

শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি। বন্দরকে ঘিরে যে বাণিজ্যিক হাব গড়ে উঠেছে, সেটি এখন আরও সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। বন্দরে বিনিয়োগে আরও অনেক প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।

স্বাগত বক্তব্যে এপিএম টার্মিনালস লালদিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড বলেন, নতুন এই টার্মিনালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও সেবার মান আরও বাড়বে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান গেটওয়ে। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি এবং ৯৮ শতাংশের বেশি কনটেইনার এই বন্দরের মাধ্যমে হ্যান্ডলিং হয়।

তিনি বলেন, গত ১০ বছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং দ্বিগুণ হয়েছে। ভবিষ্যতের বর্ধিত বাণিজ্য সামলাতে আধুনিক অবকাঠামো প্রয়োজন। এ জন্য বিদেশি বিনিয়োগকারী ও অংশীদারদের বাংলাদেশে স্বাগত জানানো হচ্ছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা