মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৫:০১ পিএম
গোয়ালন্দ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার মহোৎসব চলছে রাজবাড়ীর গোয়ালন্দের ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিসট্রিভিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) অফিসে।
এতে করে চরম হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুতের গ্রাহকরা। গ্রাহকদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, আবাসিক সংযোগকে বাণিজ্যিক আবার বাণিজ্যিক প্রতিষ্ঠানে আবাসিক সংযোগ, নতুন সংযোগ দিতে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা ধরনের অনিয়ম-স্বেচ্ছাচারিতার তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।
ওজোপাডিকো গোয়ালন্দ অফিসে ২০২৫-২৬ অর্থবছরের নতুন গ্রাহকদের তথ্য ও অন্যান্য তথ্য চাইলেও দিনের পর দিন ঘুরিয়ে নানা টালবাহনা করে তথ্য দিতে রাজি হননি কার্যালয়ের আবাসিক প্রকৌশলী।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের প্রবাসী আব্দুল কাদেররে স্ত্রী রেহেনা খাতুনের সঙ্গে কথা হয়। তিনি চোখের পানি ফেলে বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমি সন্তানদের নিয়ে বাড়িতে থাকি। আমার বাড়িতে নিয়মিত যে বিদ্যুত বিল আসতো তা হঠাৎ করে কিছুটা কমে যায়। বিষয়টি আমি বিল রিডার ও লাইনম্যানদের জানাই। কিন্তু তারা মিটার দেখে বলেন, মিটার ঠিক আছে, সমস্যা নেই। এরই মধ্যে হঠাৎ একদিন তার মিটার বিদ্যুৎ বিভাগের লোকজন এসে খুলে নিয়ে যান এবং তাকে অফিসে যেতে বলেন। তিনি কোনো উপায়অন্ত না পেয়ে দ্রুত বিদ্যুত অফিসে যান। অফিস থেকে তাকে বিদ্যুৎ চোর বলে অপমান করা হয়। বলা হয়, আপনার মিটারে সমস্যা আছে। দ্রুত ১ লাখ টাকা না দিলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে। সেই সঙ্গে বিষয়টি কারো সঙ্গে আলাপ করা যাবে না। গোপন রাখতে হবে বলেও শাসিয়ে দেওয়া হয়। এ সময় তিনি কান্নাকাটি করে ৬০ হাজার টাকা ঘুষ দিয়ে মামলা থেকে রেহাই পান। এ টাকার বিপরীতে তাকে কোনো ভাউচার/স্লীপ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে রেহেনা খাতুন বলেন, না আমাকে কোনো রশিদ বা কোনো প্রকার কাগজপত্র দেওয়া হয়নি।
উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের আব্দুল জলিল ফকির বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন হঠাৎ আমার বাড়িতে আসেন। এ সময় তারা বলেন, আপনার বাড়ির মিটারে সমস্যা আছে। বিল কম ওঠে। আমি তাদের বলি, ঠিক আছে, আমার মিটারে যদি কোনো সমস্যা থাকে তবে আপনারা অন্য মিটার দিয়ে পরীক্ষা করে দেখেন। তারা একাধিক মিটার দিয়ে পরীক্ষা করলেও আমার মিটারে কোনো সমস্যা ধরা পরেনি। এরপর তারা আমার কোনো কথা না শুনে আমার মিটার বিকলের অজুহাতে আমাকে মামলার ভয় দেখিয়ে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পড়ে আমি বাধ্য হয়ে তাদেরকে ১ লাখ টাকা দিয়েছি। আরও ১০ হাজার টাকা দিয়েছি নতুন প্রিপেইড মিটার লাগানোর জন্য। গত ২২ জুলাই নিজ দোকানেই কথা হয় গোয়ালন্দ পৌরজামতলা বাজারের ছোট্ট খাবারের দোকানি আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, বিদ্যুতের কর্মচারীরা আমার দোকানে খেয়ে ঠিকমতো টাকা দিত না। এ নিয়ে আমি একটু বাগ-বিতান্ডা করায় তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বাড়ির সংযোগ আবাসিক থেকে বাণিজ্যিক করে দিয়েছে। আগে যেখানে ৬/৭শ টাকা বিল আসতো, এখন আমার বিল আসে ৩ হাজার টাকার উপরে। দীর্ঘদিন অফিসে ঘুরে এখনও পর্যন্ত আমি তা আবাসিক করতে পারিনি।
নিয়ম অনুযায়ী খুঁটির সঙ্গে কোনো মিটার লাগানোর সুযোগ না থাকলেও ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের সামনেই চোখে পড়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলছে একটি সংযোগ মিটার। গত ৩০ জুলাই সেই মিটার থেকে বিদ্যুৎ লাইন অনুসরণ করে এগিয়ে যেতেই দেখা যায়, বিভিন্ন ধরনের ফসলের মাঠের মধ্য দিয়ে চরম ঝুকিপূর্ণভাবে অন্তত ২ হাজার মিটার দূরে একটি মুরগির ফার্মে ওই বিদ্যুতের সংযোগ। ওই মুরগির ফার্মে গিয়ে দেখা হয় ফার্মের মালিক সুমন মোল্লার সঙ্গে। তিনি জানান, আগে তিনি পল্লী বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। সে সময় তার বিদ্যুত বিল আসতো ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। বর্তমানে তিনি ওজোপাডিকোর বিদ্যুৎ লাইন ব্যবহার করেন। বিল আসে মাত্র ৫/৬শ টাকা। এ সময় বিল কি তিনি নিজে দেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ২/৩ মাস পরপর বিদ্যুৎ অফিসের লোক এসে বিল নিয়ে যায়। তার কাছে একটি বিদ্যুৎ বিলের কাগজ দেখতে চাইলে তিনি একটি বিলের কাগজ দেখান। তাতে দেখা যায় তার সংযোগটি আবাসিক হিসেবে দেওয়া হয়েছে। অথচ তিনি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। বাড়িতে নতুন মিটার স্থাপনের জন্য ১১ হাজার টাকা করে দিতে হয়েছে বিদ্যুৎ অফিসে। তারের জন্য গ্রাহকদের আলাদা টাকা খরচ করতে হয়। নতুন সংযোগে নিতে অতিরিক্ত টাকা দিলে লাগে না কোনো বাড়ির কাগজপত্র।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান বলেন, গোয়ালন্দ বিদ্যুৎ অফিসে চুরি বলবো না এরা ডাকাত। ২৬ শ’ টাকার সংযোগ ১০হাজার থেকে ১৫ টাকা নিয়েছে। সাধারণ মানুষ, কৃষক সংযোগ সময় মতো পায় না। সেবার নামে গ্রাহকদের টাকা চুরি, ডাকাতি করছে বিদ্যুৎ অফিস। গোয়ালন্দ বিদ্যুৎ অফিসে থেকে চুরি, ডাকাতি উৎখাত করতে হবে।
গোয়ালন্দ উপজেলা আবাসিক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সংযোগ ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সরকারি ফি ২৬ শ’ টাকা থেকে ৩ হাজার টাকা মধ্যে নেওয়ার কথা। সিন্ডিকেটে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রশিদ ছাড়া টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের রাজবাড়ী জেলা নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মামুন -অর- রশিদ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।