× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িয়ে পাওয়া ‘কন্যা’কে বুক উজাড় করে আঁকড়ে ধরলেন তাসলিমা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৩:২১ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৩:২৩ পিএম

ঝোপের কাছে পড়ে থাকা শিশুটি এখন  'কুইক রেসপন্স টিম'-এর সদস্যদের তত্ত্বাবধানে হাসপাতালের  এনআইসিইউ‘তে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝোপের কাছে পড়ে থাকা শিশুটি এখন 'কুইক রেসপন্স টিম'-এর সদস্যদের তত্ত্বাবধানে হাসপাতালের এনআইসিইউ‘তে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সকালের ব্যস্ততার মাঝে হঠাৎ থমকে যাওয়া। এক অচেনা কচি কণ্ঠের কান্নার শব্দ ভেসে এলো তার কানে। বাড়ির পাশের ঝোপে কাছে এগোতেই চোখ আটকে যায় তাসলিমা আক্তারের।

ওড়নায় পেঁচানো অবস্থায় পড়ে আছে এক ফুটফুটে নবজাতক কন্যাশিশু। শনিবার সকালে ফেনী পৌরসভার উত্তর চাড়িপুরের মুন্সিবাড়ী এলাকায় ওড়নায় মোড়ানো সেই কান্নার শব্দ কেবল একটি জীবন বাঁচায়নি, জাগিয়ে তুলেছে এক মায়ের সুপ্ত আকুতিও।

​ঘটনার পর পরই তাসলিমা ও তার স্বামী আব্দুল আউয়াল রাজু জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) বর্তমানে সেবিকাদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে এক থেকে চার দিন বয়সি এই শিশুটি।

​তবে এ সংবাদ শুধু এক নির্দয় পরিত্যাগের গল্পে আটকে থাকেনি; তৈরি করেছে ভালোবাসার এক নতুন অধ্যায়ও। দুই ছেলের মা তাসলিমা আক্তার শিশুটিকে উদ্ধার করেই ক্ষান্ত হননি, তাকে নিজের সন্তান হিসেবে আপন করে নিতে চান।

হাসপাতালের এনআইসিইউর সামনে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা তাসলিমা আবেগঘন কণ্ঠে বলেন, আমার ঘরে দুটি ছেলে আছে, কোনো মেয়ে নেই। পরম করুণাময় হয়তো এই পথেই আমার কোল আলো করতে পাঠিয়েছেন। স্বামী ও পরিবারের সবার সম্মতিতে আমি মেয়েটিকে নিজের করে নিতে চাই।

হাসপাতাল চত্বরে এখন শুধুই মমতা আর প্রার্থনার আবহ। স্বেচ্ছাসেবী সংগঠন 'কুইক রেসপন্স টিম'-এর সদস্যরা শিশুটির সেবা ও ওষুধপত্রের জোগান দিচ্ছেন। সংগঠনের সংগঠক সুলতান মাহমুদ জয় জানান, তাসলিমার পাশাপাশি আরও অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

​তবে আবেগ আর আইনের মেলবন্ধন ঘটবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারণ করা হবে শিশুটির ভবিষ্যৎ ঠিকানা।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল জানান, শিশুটি কীভাবে সেখানে এলো তা খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​সমাজ যখন কান্নার শব্দ এড়িয়ে চলে, তখন ঝোপ থেকে কুড়িয়ে আনা সেই কান্নাই এখন ফেনীর একটি পরিবারের বুকে ভালোবাসার নতুন প্রদীপ জ্বালানোর অপেক্ষায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা