মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ০৮:৫১ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ০৮:৫৮ এএম
মাগুরায় পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার নাইমুজ্জামান নয়ন। ছবি: ভিডিও থেকে
মাগুরায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগে জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নাইমুজ্জামান নয়নকে থানায় ডেকে এনে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার পর শনিবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাজে বাধা ও কর্তব্যরত পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নয়নকে শনিবার দুপুরে মাগুরা সদর থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের কাজে বাধা ও কর্তব্যরত পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় ঘটনার সূত্রপাত। পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত সদস্য ইমরান হোসেন মোটরসাইকেলে ঢাকা রোড বাসস্ট্যান্ড থেকে শহরের দিকে ফিরছিলেন। এ সময় পেছনে একটি প্রাইভেটকারে ছিলেন নয়ন। তিনি জোরে হর্ন দিয়ে সাইড চান। সড়কে পর্যাপ্ত জায়গা না থাকায় ইমরান তাৎক্ষণিকভাবে সাইড দিতে পারেননি।
পরে ইমরান, এএসআই মাসুদ হোসেন ও এএসআই শরিফ মোটরসাইকেলে ভায়না মোড়ের দিকে যাওয়ার সময় নয়ন তার গাড়ি মহাসড়কে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে তাদের গতিরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনকে প্রকাশ্যে পরপর দুটি চড় মারেন এবং তার মোটরসাইকেলের চাবি নিয়ে নেন বলে অভিযোগ করা হয়। এ সময় সঙ্গে থাকা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগের পরও তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ দেখা দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের একাধিক কর্মকর্তা জানিয়েছে। একই সঙ্গে অনলাইন পোর্টালে সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এরপর শনিবার দুপুরে নয়নকে পুনরায় থানায় ডেকে এনে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গতদিনের ঘটনার পর নয়নকে পুনরায় খবর দিয়ে থানায় আনা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”