× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ৪ খুন

পুলিশের কর্মকাণ্ড নিয়ে ১৯ প্রশ্ন, বিচার বিভাগীয় তদন্ত দাবি

মেরিনা লাভলী, রংপুর

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২২:৫০ পিএম

রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে ১৯টি প্রশ্ন তুলেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে ১৯টি প্রশ্ন তুলেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে ১৯টি প্রশ্ন তুলেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। সংগঠনটি ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেছে, নিছক মাদক সেবনের পর দুই কিশোরের পক্ষে এমন পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড সংঘটন বিশ্বাসযোগ্য নয়। এদিকে গ্রেপ্তার দুই অভিযুক্তের পক্ষে মামলায় না লড়ার সিদ্ধান্ত জানিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

শনিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ পুলিশের তদন্ত নিয়ে এসব প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মাদকসেবী হিসেবে চিহ্নিত দুই যুবক লোকলজ্জার ভয়ে একের পর এক চারজনকে হত্যা করবে, এটি সহজে বিশ্বাসযোগ্য নয়। মাদক সেবনের উদ্দেশ্য থাকলে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের নির্মাণাধীন জনমানবশূন্য বাড়িটি অপেক্ষাকৃত নিরাপদ ছিল। তাহলে ঝুঁকি নিয়ে তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়িতে গেল? শুধু গামছা ও রশি ব্যবহার করে এত দ্রুত চারজনকে হত্যা কীভাবে সম্ভব হলো? অস্ত্র ব্যবহার না হয়ে থাকলে বাড়ির মেঝেসহ বিভিন্ন স্থানে রক্তের দাগ থাকার কারণ কীÑ এ প্রশ্নও তোলেন তিনি।

পলাশ কান্তি নাগ আরও বলেন, হত্যাকাণ্ডের সময় ঘনবসতিপূর্ণ এলাকায় চারজনের চিৎকার প্রতিবেশীরা শুনতে না পাওয়া এবং চারটি লাশ পচে দুর্গন্ধ ছড়ানোর পরও বিষয়টি কারও নজরে না আসা রহস্যজনক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে হত্যার পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু আগামী চক্রবর্তী ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত এক বান্ধবীর সঙ্গে ফেসবুকে কথা বলেছেন বলে দাবি করে নাগ বলেন, এ তথ্য হত্যাকাণ্ডের সময় নিয়ে পুলিশের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে। একইভাবে ‘জুমার নামাজের সময়’ এলাকা ফাঁকা পেয়ে অভিযুক্তদের বেরিয়ে যাওয়ার পুলিশের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলা হয়, কারণ এলাকাটি হিন্দু অধ্যুষিত এবং সেখানে কোনো মসজিদ নেই।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার আগে আগামী চক্রবর্তী থানায় জিডি বা এফআইআর করলে সরকারি চাকরিতে কোনো প্রভাব পড়বে কি না, তা জানতে চেয়েছিলেন। বাড়ি নির্মাণের সময় গণপতি চক্রবর্তী চাঁদাবাজদের হুমকিতে ছিলেন বলে মামলার বাদীর জামাই বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন। এসব হুমকিদাতা কারা এবং হত্যার কয়েক দিন আগে ব্যাংক থেকে তোলা গণপতির ১৫ লাখ টাকার প্রভিডেন্ট ফান্ডের অর্থ কোথায়Ñ এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি জানানো হয়।

প্রীতিলতা ও আগামী চক্রবর্তীর লাশ বিবস্ত্র অবস্থায় উদ্ধারের বিষয় উল্লেখ করে নাগ বলেন, ময়নাতদন্ত-সংশ্লিষ্ট যতীন বাসফোর উভয়ের শরীরে স্পার্মের উপস্থিতির কথা বললেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়ার কথা অস্বীকার করেছেন। দুই দিন পর এমন আলামত সংগ্রহের দাবি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তারের সময় তার পরনে গেঞ্জি থাকলেও পরে ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তীর শার্ট পরা অবস্থায় তাকে দেখা যায়Ñ এ নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়। লাশ সরানোর সময় অভিযুক্তদের পালিয়ে না গিয়ে সেখানে থাকার কারণ, লুটের ১৫ হাজার টাকার মধ্যে সিদ্ধার্থের কাছ থেকে পাওয়া ৩ হাজার ৫০০ টাকা, ইয়াবার সংখ্যা নিয়ে পুলিশের বক্তব্যের অসঙ্গতি এবং ঘটনার আগে-পরে এলাকায় অচেনা মোটরসাইকেলে লোকজনের যাতায়াত নিয়েও প্রশ্ন তোলা হয়।

১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতিমুক্ত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ২৭ আগস্ট পুলিশ কমিশনারের মাধ্যমে ওই জবানবন্দি প্রকাশ্যে তুলে ধরার বিষয়টি নিয়েও আপত্তি জানানো হয়। সংগঠনটির দাবি, ঘটনাস্থলের আলামত নষ্ট বা সরিয়ে ফেলার অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

এদিকে আমাদের রংপুর প্রতিবেদক জানিয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

পলাশ কান্তি নাগ বলেন, সামগ্রিক ঘটনায় পরিকল্পিত ও সংঘবদ্ধ হত্যাকাণ্ডের আলামত রয়েছে। তাই ডিবির তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।

অন্যদিকে শনিবার রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের পক্ষে সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। তিনি বলেন, পুলিশের চলমান তদন্তের প্রতি তাদের আস্থা রয়েছে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। একই সঙ্গে মামলাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা