× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরগ লড়াইয়ে ঐতিহ্যের ছোঁয়া ফুটবলে তারুণ্যের উচ্ছ্বাস

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:৪৮ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের একটি মাঠে গণমানুষের উচ্ছ্বাসে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের একটি মাঠে গণমানুষের উচ্ছ্বাসে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাঠজুড়ে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠের কোনো পাশে চলছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মোরগ লড়াই, আবার কোনো পাশে ফুটবল নিয়ে কিশোর-তরুণদের উচ্ছ্বাস।

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের একটি মাঠে একদিকে গণমানুষের উচ্ছ্বাসে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই। অন্যদিকে তরুণ খেলোয়াড়দের দৌড়ঝাঁপে মাঠের চারপাশে দর্শকরা মেতে উঠেছে ফুটবলের আমেজে। গত শুক্রবার সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘নরসুন্দা স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

এদিন প্রথমে ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের উত্তেজনা দিয়ে এ আয়োজন শুরু করা হয়। এ প্রতিযোগিতায় অংশ নেয় কালো মোরগ ‘ব্ল্যাক মাম্বা’ ও সাদা মোরগ ‘লাইকার’। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয় ‘ব্ল্যাক মাম্বা’।

বিজয়ী ‘ব্ল্যাক মাম্বা’কে গত এক বছর ধরে শখের বশে পালন করে আসছে যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল ভূবিরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে বিল্লাল। সে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

অন্যদিকে ‘লাইকার’কে গত তিন বছর ধরে পালন করছেন একই গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে রিফাত। তিনি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

পরে আতশবাজি ফুটিয়ে ও ফানুস উড়িয়ে শুরু হয় মিনি ফুটবল টুর্নামেন্ট। ফুটবলে মুখোমুখি হয় ‘কিংস এফসি’ ও ‘ব্ল্যাক স্টর্ম’ টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক স্টর্ম।

এদিকে আয়োজনটির অন্যতম ব্যতিক্রমী দিক ছিল অতিথি নির্বাচন। সাধারণত ক্রীড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কিংবা বিত্তশালী ব্যক্তিদের অতিথি করা হলেও এ আয়োজনে অতিথি করা হয় অটোরিকশা চালক মোহাম্মদ কামাল মিয়া ও সুমন হোসেন, দিনমজুর মাতু মিয়া এবং কৃষক বকুল মিয়াকে। ম্যাচ শেষে তারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মোহাম্মদ তানজিল বলেন, ‘বন্ধুরা মিলে খেলায় অংশ নিয়ে জয় পাওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত। এই জয় আমাদের আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে।’

আয়োজক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা চাই না এলাকার কোনো শিশু-কিশোর নষ্ট হয়ে যাক বা মাদকের প্রতি আসক্ত হোক। তাই তাদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে দুই-তিন মাস পরপর এমন আয়োজন করার চেষ্টা করি।’

অতিথি অটোরিকশা চালক কামাল মিয়া বলেন, ‘আমি একজন অটোরিকশা চালক। আমাদের মতো সাধারণ শ্রমজীবী মানুষকে খেলাধুলার অনুষ্ঠানে অতিথি করায় আমরা আনন্দিত। ছেলেরা খেলাধুলার সঙ্গে থাকলে তাদের সময়টা ভালো কাজে কাটবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা