কমিটি গঠন নিয়ে বিরোধ
জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:১৭ পিএম
আক্কেলপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার নিজ বাসা থেকে গত শুক্রবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ ওঠার পর ছুরিকাহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ (৫৬)। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্কেলপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার নিজ বাসা থেকে গত শুক্রবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আজাদুর রহমান আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে ছুরিকাহত হন রুকিন্দীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার বিকালে হারুনুর রশিদ থানায় এজাহার দাখিল করলে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমান, তার স্ত্রী সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাসরিন, তার বড় ভাই দুলাল হোসেন ও দারাজ উদ্দিন এবং চাচাতো ভাই গাজীউলকে আসামি করা হয়েছে।
জানা যায়, রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে এই বিরোধ। গত ২১ জুন হারুনুর রশিদ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পায়ের জুতা খুলে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রধান শিক্ষক থানায় ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। পরে তিনি আদালতে মামলা করেন।
প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রথমে জুতাপেটা পরে হুমকি-ধমকি দেওয়া হয়। এতেও কাজ না হওয়ায় এখন সাজানো নাটকে আমাদের ফাঁসানো হয়েছে।
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়েছে।