× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেণিকক্ষ সংকটে মন্দিরে পাঠদান

শাহিন জামান, আদিতমারী (লালমনিরহাট)

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৫৭ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২০:৫৮ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র সচল ভবনটিতেও নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে বাধ্য হয়ে পাশের দুর্গা মন্দিরের বারান্দায় বসেই পাঠ নিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র সচল ভবনটিতেও নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে বাধ্য হয়ে পাশের দুর্গা মন্দিরের বারান্দায় বসেই পাঠ নিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে দুই বছর আগে। এরপর থেকে ভবনটি আর ব্যবহার করা যাচ্ছে না। নতুন ভবন নির্মাণের উদ্যোগও দৃশ্যমান নয়। অন্যদিকে, বিদ্যালয়ের একমাত্র সচল ভবনটিতেও নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ফলে বাধ্য হয়ে পাশের দুর্গা মন্দিরের বারান্দায় বসেই পাঠ নিতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

এ চিত্র লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টিতে বর্তমানে ২৫৩ শিক্ষার্থী পড়াশোনা করছে। ছয়জন শিক্ষক দুই শিফটে পাঠদান করলেও শ্রেণিকক্ষ রয়েছে মাত্র দুটি। তাই প্রথম শিফটে প্রাক-প্রাথমিক এবং দ্বিতীয় শিফটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে মন্দিরের বারান্দায়।

স্থানীয়দের উদ্যোগে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় তালুক দুলালী রাজকাচারী প্রাথমিক বিদ্যালয়। পরে শিক্ষার্থীদের পাঠদানের জন্য সরকারিভাবে দুটি ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বিদ্যালয়টি আদিতমারী উপজেলার অন্যতম বড় বিদ্যালয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুটি ভবনের মধ্যে একটি প্রায় দুই বছর আগে উপজেলা প্রকৌশল দপ্তরের সরেজমিন পরিদর্শনের পর ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর থেকে ভবনটি আর ব্যবহার করা হয়নি। অপর ভবনটিতে রয়েছে তিনটি কক্ষ। এর একটি অফিস হিসেবে ব্যবহৃত হওয়ায় পাঠদানের জন্য অবশিষ্ট থাকে মাত্র দুটি কক্ষ।

দুই শিফটে বিদ্যালয়ের পাঠদান পরিচালনায় কমপক্ষে তিনটি শ্রেণিকক্ষ প্রয়োজন। কিন্তু প্রয়োজনের তুলনায় একটি কক্ষ কম থাকায় মন্দিরের বারান্দাকেই শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করতে হচ্ছে। খোলা বারান্দায় বাতাস, রোদ-বৃষ্টি ও আশপাশের নানা কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন, তানিশা ও সিয়াম বলে, ‘আমাদের বিদ্যালয়ের একটি ভবন নষ্ট হয়ে গেছে। তাই মন্দিরের বারান্দায় বসে ক্লাস করতে হয়। এখানে ক্লাস করতে ভালো লাগে না। পাকা ভবন না হলেও একটি টিনশেড ঘর করে দিলে আমরা ভালোভাবে ক্লাস করতে পারতাম।’

অভিভাবক আব্দুল করিম বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পর মন্দির কমিটির সঙ্গে কথা বলে সাময়িকভাবে বারান্দায় পাঠদানের অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু খোলামেলা পরিবেশে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। যেখানে শিক্ষার্থী কম, সেখানেও সরকার ভবন নির্মাণ করেছে। অথচ আমাদের বিদ্যালয়ে ২৫৩ শিক্ষার্থী থাকলেও শ্রেণিকক্ষ নেই। একটি টিনশেড ঘর করে দিলেও শিক্ষার্থীদের অনেক উপকার হতো।’

তিনি আরও বলেন, ‘আমাদের এলাকা কিছুটা দুর্গম হওয়ায় হয়তো সরকারি কর্মকর্তাদের দৃষ্টি কম পড়ে। আমরা দ্রুত শ্রেণিকক্ষের ব্যবস্থা চাই।’

তালুক দুলালী রাজকাচারী দুর্গা মন্দিরের সভাপতি ললিত চন্দ্র বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আবেদন করায় সাময়িকভাবে মন্দিরের বারান্দায় পাঠদানের সুযোগ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা মন্দিরের ভেতরে ময়লা ফেলে রাখায় পূজারিরা কিছুটা অসন্তুষ্ট হন। মন্দির পরিষ্কার করার জন্যও আলাদা কেউ নেই। এরপরও এলাকার শিশুদের পড়াশোনার কথা বিবেচনা করে তাদের ক্লাস করার সুযোগ দেওয়া হয়েছে। দ্রুত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ব্যবস্থা করা প্রয়োজন।’

সহকারী শিক্ষক সন্ধ্যা রানী বলেন, ‘প্রাক-প্রাথমিকের ছোট শিশুদের খোলামেলা পরিবেশে পড়ানো খুবই কঠিন। তারা পাঠে মনোযোগী না হয়ে চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দেয়। প্রায় দুই বছর ধরে শ্রেণিকক্ষের অভাবে মন্দিরের বারান্দায় পাঠদান চলছে। এতে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের পাঠেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যালয়ের জন্য একটি নতুন দ্বিতল ভবন প্রয়োজন।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘দুই বছর আগে বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর নতুন ভবনের জন্য কয়েক দফায় আবেদন ও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি। অস্থায়ী পাঠদানের জন্য একটি টিনশেড ঘরের আবেদন করেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। 

আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবনের জন্য কয়েক দফায় আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প শেষ হয়ে গেছে। নতুন প্রকল্প চালু হলে বিদ্যালয়টির জন্য বরাদ্দ পাওয়া যাবে। তখন ভবন নির্মাণ করে শ্রেণিকক্ষ সংকটের সমাধান করা হবে। আপাতত অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণের কোনো বরাদ্দ নেই।’

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেছি। শ্রেণিকক্ষের অভাবে শিশুরা মন্দিরের বারান্দায় খোলামেলা পরিবেশে ক্লাস করছে, বিষয়টি দুঃখজনক। আপাতত অস্থায়ী একটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা