রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৩৭ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুরটারী শান্তিনগর গ্রামের সেকেন্দার আলী পান-সিগারেটের দোকান চালিয়ে হুইলচেয়ারে বসেই আত্মমর্যাদার জায়গা থেকে চালিয়ে যাচ্ছেন সংসার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লোহার তারকাঁটা ফুটে ক্যান্সার, জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় দুই পা। হুইলচেয়ারে বসেই চালিয়ে যাচ্ছেন সংসার।
পায়ে
লোহার তারকাঁটা ফুটেছিল। সাধারণ ক্ষত ভেবে
প্রথমে গুরুত্ব দেননি সেকেন্দার আলী। কিন্তু সেই ক্ষতই এক সময় তার জীবনে নেমে আনে ভয়াবহ
পরিণতি। চিকিৎসাধীন অবস্থায় ধরা পড়ে ক্যান্সার। জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় দুই পা।
দুই
পা হারিয়ে থেমে যাননি ৬০ বছরের সেকেন্দার। হুইলচেয়ারে বসেই শুরু করেন নতুন জীবনসংগ্রাম।
ছোট্ট একটি পান-সিগারেটের দোকান চালিয়ে নিজে সংসার টেনেছেন। সন্তানদের বড় করেছেন। আর
সেই সামান্য আয়ের ওপর ভর করেই একে একে তিন মেয়ের বিয়েও দিয়েছেন।
আজও
প্রতিদিন হুইলচেয়ারে করে দোকানে আসেন তিনি। দোকানটিই তার জীবিকার পথ, আত্মমর্যাদার
জায়গা এবং বেঁচে থাকার অবলম্বন।
কুড়িগ্রামের
রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী শান্তিনগর গ্রামের মৃত ঈমান তেলীর ছেলে সেকেন্দার
আলী। যুবক বয়সে কাঠমিস্ত্রির কাজ করতেন। বড় ভাই আকবর আলীর কাঠের ফার্মেও কাজ করেছেন।
প্রায়
৪০ বছর আগে কাজ করার সময় তার পায়ে লোহার তারকাঁটা ফুটে যায়। জীবন রক্ষায় চিকিৎসকদের
পরামর্শে কেটে ফেলতে হয় তার দুটি পা।
দুই
পা হারানোর পর কর্মক্ষমতা হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েন সেকেন্দার। এক সময় বড় ভাইয়ের
পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। পরে তাকে বিয়ে দিয়ে আলাদা সংসার করে দেওয়া হয়।
সংসারে
আসে এক ছেলে ও তিন মেয়ে। এরপর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় তার জীবনের নতুন যুদ্ধ।
দুই
পা হারানোর পরও ভিক্ষাবৃত্তিকে জীবিকার পথ হিসেবে বেছে নেননি সেকেন্দার। নিজের জমানো
সামান্য টাকা এবং স্থানীয় শান্তিনগর মসজিদ থেকে পাওয়া কিছু অনুদান দিয়ে শুরু করেন পান-সিগারেটের
ছোট দোকান। হুইলচেয়ারে বসেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে সময় দেন।
দোকানের
আয় খুব বেশি নয়। কিন্তু সেই আয় দিয়েই চলে সংসার। সন্তানদের পড়াশোনা, দৈনন্দিন খরচ-সবকিছুর পাশাপাশি মেয়েদের বিয়ের জন্যও টাকা জমিয়েছেন তিনি।
তিন
মেয়েকে বড় করে তাদের বিয়ে দেওয়া ছিল সেকেন্দারের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি।
নিজের চলাফেরার জন্য অন্যের সহযোগিতা প্রয়োজন হলেও মেয়েদের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি
তিনি। পান দোকানের আয় থেকে অল্প অল্প করে সঞ্চয় করেছেন। নিজের প্রয়োজন কমিয়েছেন। কষ্ট
করেছেন। কিন্তু মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টায় থামাননি নিজের পথ চলা।
বর্তমানে
তার তিন মেয়েই শ্বশুরবাড়িতে সংসার করছেন। আর সেকেন্দার এখনও হুইলচেয়ারে বসে দোকান চালিয়ে
যাচ্ছেন।
সেকেন্দারের
জীবনসংগ্রাম এক সময় নজরে আসে স্থানীয় প্রশাসনের। ২০১৫ সালে তৎকালীন রাজারহাট উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তার দোকানে যান। বর্তমানে তিনি দিনাজপুরের জেলা
প্রশাসক হিসেবে কর্মরত। সেকেন্দার ও তার দোকানের ক্রেতাদের বসার সুবিধার জন্য দোকানের
সামনে টাইলস দিয়ে পাকা বসার ব্যবস্থা করে দেন তিনি।
পরে
‘শিকড়’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার
দেয়। হুইলচেয়ার পাওয়ার পরও জীবনযুদ্ধে তার গতি কমেনি। নিয়মিত দোকানে আসেন। পাশাপাশি
হুইলচেয়ারে করে স্থানীয় মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
স্থানীয়
বাসিন্দা ইমতিয়াজুল ইসলাম, বাবুসহ অনেকে বলেন, দুই পা হারানোর পরও সেকেন্দার ভিক্ষাবৃত্তিতে
যাননি। নিজের শ্রম ও সততার ওপর নির্ভর করেই জীবন চালিয়ে যাচ্ছেন। তার জীবনসংগ্রাম এলাকার
মানুষের কাছে অনুপ্রেরণার।
রাজারহাট
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান বলেন, বরাদ্দ পাওয়া গেলে সেকেন্দার আলীকে
কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
রাজারহাট
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “বিষয়টি আমি আপনার কাছে শুনলাম। এক
সময় দোকানটি দেখতে যাব।”
এক
সময় কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন সেকেন্দার। আজ তার দুই পা নেই। কিন্তু হার
মানেননি তিনি। হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে প্রতিদিন দোকানে বসেন। পান-সিগারেট বিক্রি করে
যা আয় হয়, তা দিয়েই চলে তার সংসার।
দুই
পা হারিয়েছেন সেকেন্দার, হারাননি আত্মমর্যাদা। তার ছোট্ট পান দোকানটিই যেন হার না মানা
জীবনের গল্প হয়ে সাক্ষী দিচ্ছে।