বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৩১ পিএম
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও আবাসনের জন্য নির্মাণ করা হয়েছিল আধুনিক একটি দ্বিতল ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও আবাসনের জন্য নির্মাণ করা হয়েছিল আধুনিক একটি দ্বিতল ভবন। উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা। কিন্তু নির্মাণের পর বছরের পর বছর পেরিয়ে গেলেও নিয়মিত শিক্ষাকার্যক্রম চালু হয়নি।
নেই কোনো শিক্ষার্থী, নেই নিয়মিত শিক্ষকও। অযত্ন-অবহেলায় পড়ে থাকা ভবনটি এখন ঝোপঝাড়, লতাগুল্ম ও আগাছায় ঢেকে গেছে। দেয়ালে জমেছে শ্যাওলা, বিভিন্ন স্থানে খসে পড়ছে পলেস্তারা। ভেতরে পড়ে থাকা সরকারি সরঞ্জামও নষ্ট হওয়ার পথে। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো ‘ভূতের বাড়ি’।
বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যাংকের মোড়ে শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’-এর বর্তমান চিত্র এটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও আবাসনের উদ্দেশ্যে শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। ২০১২-১৩ সালের দিকে ভবন নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা বা তারও বেশি। তবে প্রকল্পের অনুমোদিত বাজেট, নির্মাণকাজ শুরুর ও শেষের সুনির্দিষ্ট সময় এবং আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তর থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, দ্বিতল ভবনটির চারপাশ বড় বড় গাছ, লতাগুল্ম ও ঝোপঝাড়ে ছেয়ে গেছে। দেয়ালে স্যাঁতসেঁতে ভাব ও শ্যাওলা জমেছে। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে। জরাজীর্ণ হয়ে পড়েছে জানালা-দরজাও। ভবনের ভেতরে পড়ে আছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব সরঞ্জামও নষ্ট হওয়ার পথে।
ভবনটিতে নিয়মিত কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও দেখা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাসরিন বেগম নামে একজন ঝাড়ুদার মাঝেমধ্যে এসে ভবনটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে চলে যান। এ ছাড়া নিয়মিত কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সেখানে দেখা যায় না। ফলে দ্বিতল ভবনটি দিনের পর দিন অযত্নে পড়ে থাকায় চারপাশে জঙ্গল-ঝোপ তৈরি হয়েছে।
শুধু ভবনই নয়, প্রতিষ্ঠানটি নির্মাণের কারণে শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সৌন্দর্য ও খেলার জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভবন ও আশপাশের স্থাপনা নির্মাণের কারণে শিশুদের খেলাধুলার জায়গা অনেকটাই সংকুচিত হয়েছে। বর্তমানে ঝোপঝাড়ে ঢেকে যাওয়ায় পুরো এলাকাটি পরিত্যক্ত বাড়ির মতো দেখায়।
কাড়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হায়াত উদ্দিন বলেন, স্কুলটি প্রতিবন্ধী শিশুদের থাকা ও পড়ালেখার জন্য করা হয়েছিল। শুরুতে কয়েক দিন কার্যক্রম চলত। পাহারার জন্য একজন লোকও রাখা হয়েছিল। পরে ধীরে ধীরে আর কাউকে আসতে দেখিনি। এখন পুরো ভবনটি জঙ্গলে পরিণত হয়েছে। সরকারের এত বড় সম্পদ এভাবে নষ্ট হতে দেখে আমাদের কষ্ট লাগে। দ্রুত এটি চালু করা দরকার।
শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুমিত বলেন, আমরা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছি। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলটিতে কখনও নিয়মিত শিক্ষার্থী বা লোকজনকে আসতে দেখিনি। এখন ভবনটি ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। ভেতরে থাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সরঞ্জামও নষ্ট হচ্ছে।
প্রতিষ্ঠানটি স্থাপনের পেছনে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী লাচ্চু শেখ বলেন, ১৯৮১ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অফিসের কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল কবির বলেন, প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের জন্য শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের জমি সমাজকল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয়ের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল। তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির ভাগনি মুস্তারি খাতুন প্রতিবন্ধী সংস্থায় চাকরি করতেন। তার অনুরোধেই বিদ্যালয়ের জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম নাজমুল সাকিব বলেন, দীর্ঘদিন ধরেই ওই স্কুলে কোনো শিক্ষার্থী নেই। স্কুলটি চালু হওয়ার পর থেকে আমি একজন শিক্ষার্থীও পাইনি। বিশেষ করে বাগেরহাট সদর থেকে স্কুলটি দূরে হওয়া এবং রাস্তাঘাটের সমস্যার কারণে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয়। আমরা বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী খুঁজেছি। কিন্তু পাওয়া যায়নি।
ভবনটি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে, প্রকল্পের অনুমোদিত বাজেট কত ছিল, কখন নির্মাণকাজ শুরু ও শেষ হয়েছে এবং আনুষ্ঠানিক উদ্বোধন কবে হয়েছেÑ এসব বিষয়ে জানতে বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা হয়। তবে সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান।