রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:৩৬ পিএম
রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর প্রতিষ্ঠান। শিক্ষক থাকার কথা ৬০ জন, বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৮ জন। শূন্য রয়েছে ৩২টি পদ। বিজ্ঞান বিভাগে নেই কোনো শিক্ষক। এছাড়াও ১২টি গুরুত্বপূর্ণ বিষয়েও নেই প্রয়োজনীয় শিক্ষক।
দীর্ঘদিনের জনবল ঘাটতি, প্রশাসনিক জটিলতা ও আর্থিক নানা সংকটে ধুঁকছিল কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ। তবে দীর্ঘ ৫৩ বছর পর স্থায়ী অধ্যক্ষ হিসেবে প্রফেসর জহুরুল হক যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি প্রশাসনিক, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২২তম বিসিএস ক্যাডার প্রফেসর জহুরুল হক চলতি বছরের গত ৮ জুন কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার সময় আর্থিক ব্যবস্থাপনাতেও নানা অসংগতি দেখতে পান তিনি। কলেজের মোট ৩৩টি ব্যাংক হিসাবের মধ্যে ১৬টিতে অর্থ থাকলেও কয়েকটি হিসাবে কোনো টাকা ছিল না। এমনকি একটি চলতি হিসাবে মাত্র ৩০০ টাকা থাকা অবস্থায় তিনি দায়িত্ব নেন।
অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে অতিথি শিক্ষক ও মাস্টাররোল কর্মচারীদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া ছিল। দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ওই পাওনা পরিশোধের উদ্যোগ নেন তিনি। পাশাপাশি শিক্ষক ঘাটতি মোকাবিলায় ১২ জন নতুন অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বর্তমানে তিনজন অতিথি শিক্ষক কর্মরত রয়েছেন।
প্রভাষক সাহেব আলী বলেন, কলেজটিতে শিক্ষক পদের সংখ্যা ৬০টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ২৮ জন এবং শূন্য ৩২টি পদ। গ্রন্থাগারিক, শরীরচর্চা শিক্ষক ও প্রদর্শকসহ অন্যান্য পদেও রয়েছে জনবল সংকট। বিশেষ করে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় পাঠদান ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রভাষক তপতি রানীর ভাষ্য, শিক্ষক ঘাটতির প্রভাব সবচেয়ে বেশি পড়ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওপর। এ বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ও ব্যবহারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ব্যবহারিক কার্যক্রম ঠিকমতো না হওয়ায় ব্যবহারিক পরীক্ষার কক্ষটিও অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। আসনসংখ্যা থাকা সত্ত্বেও শিক্ষক সংকটের কারণে এ বিভাগে শিক্ষার্থী ভর্তি কমে যাচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান না হলে এর প্রভাব ফলাফলেও পড়তে পারে।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিরাতুন বিনতে বুশরার ভাষ্য, আমি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে শিক্ষক সংকটের কারণে মানবিক বিভাগে ভর্তি হয়েছি। এখন দেখছি, এখানেও ইংরেজিসহ বেশ কয়েকটি বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। এ কারণে ভবিষ্যৎ ফলাফল নিয়ে আমি শঙ্কিত।
প্রভাষক মিনারা বেগম বলেন, অধ্যক্ষ স্যার যোগদানের পর প্রশাসনিক ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করেছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানো এবং পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণে প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষককে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নির্ধারিত শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও বিভিন্ন সমস্যার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন। কোনো শিক্ষার্থী নিয়মিত কলেজে না এলে অনুপস্থিতির কারণ জানার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রভাষক সংগীতা রানী বলেছেন, কলেজের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরেছে। রেজিস্টার, ক্যাশবই ও চেকবইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টিও নজরদারির আওতায় আনা হয়েছে।
প্রভাষক ফাতেমা বেগম বলেন, নতুন অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। শ্রেণিকক্ষে ফ্যান সংযোজন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ল্যাব সংস্কার, সীমানাপ্রাচীর মেরামত, ছাত্রীদের বাথরুম সংস্কারসহ পুরোনো ভবনের বিভিন্ন অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনার পর ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে।
অতিথি শিক্ষক চৌধুরী রিংকু র্যাবেন বলেছিলেন, অধ্যক্ষ স্যার যোগ দেওয়ার সময় তিনজন অতিথি শিক্ষক ও কয়েকজন মাস্টাররোল কর্মচারীর দুই মাসের বেতন বকেয়া ছিল। বর্তমানে আর কোনো পাওনা নেই।
সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মণ্ডলের ভাষ্য, দীর্ঘদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় প্রশাসনিক কাঠামো অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে শিক্ষক-কর্মচারীদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা ফিরেছে এবং সবাই দায়িত্বশীলভাবে কাজ করছেন।
কলেজের কর্মচারী নিতাই চন্দ্র রায় মন্তব্য করেন, এখন আর কলেজ ফাঁকি দেওয়া যায় না। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। মনে হয়, প্রিন্সিপাল হাবিবুল্লাহ স্যার মারা যাননি, তিনি আবার কলেজে ফিরে এসেছেন।
তার এই মন্তব্যে কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর মুহঃ হাবিবুল্লাহর সময়কার শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার স্মৃতিই যেন উঠে এসেছে।
১৯৭৩ সালে মীর মুহঃ হাবিবুল্লাহর প্রতিষ্ঠায় কলেজটির যাত্রা শুরু হয়। তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তার মৃত্যুর পর দীর্ঘ সময় প্রতিষ্ঠানটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হয়। এরই মধ্যে ২০১৮ সালে কলেজটি সরকারি করা হয়। তবে সরকারি হওয়ার পরও দীর্ঘদিন স্থায়ী অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি।
বর্তমানে কলেজটিতে একাদশ, দ্বাদশ, স্নাতক এবং ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
দীর্ঘ ৫৩ বছর পর স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়া প্রফেসর জহুরুল হক একদিকে শিক্ষক সংকটের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন।
অধ্যক্ষ প্রফেসর জহুরুল হক জানান, কলেজটিতে নানা ধরনের সমস্যা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাও সমাধানের চেষ্টা চলছে।
কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও ভালো করতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো যোগ করেন।
দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে কলেজটিতে শৃঙ্খলা, জবাবদিহি ও অবকাঠামোগত উন্নয়নের যে উদ্যোগ শুরু হয়েছে, তা ইতিবাচক। তবে শিক্ষক না থাকার বিষয়টি এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দ্রুত জনবল সংকটের সমাধান করা গেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষার পরিবেশ ও ফলাফলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।