গোলাপগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম
গোলাপগঞ্জ মডেল থানা। ছবি: জুবায়ের আহমদ
সিলেটের গোলাপগঞ্জে বিক্রির বিজ্ঞাপন দেওয়া একটি মোটরসাইকেল ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল মোরসালিনকে আটক করেছেন স্থানীয়রা।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ প্রশাসন।
বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার বাসিন্দা সাইদুর রহমান ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে মোরসালিন ও ওলিউল ইসলাম নামে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা হেতিমগঞ্জে গিয়ে মোটরসাইকেলটি দেখেন।
তাদের দাবি. মোটরসাইকেলটি পছন্দ হওয়ার পর মোরসালিন সেটি চালিয়ে দেখার কথা বলেন। এরপর ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান তিনি।
তারা আরও বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হলে মালিক সাইদুর রহমান তার পিছু নেন। পরে গোলাপগঞ্জ পৌর এলাকার বইটিক বাজারে স্থানীয়দের সহায়তায় মোরসালিনকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা ওলিউল ইসলাম মোরসালিনকে চেনেন না বলে দাবি করেন। পরে তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান তারা।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেন। এরপর শুক্রবার বিকালে তাকে এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তারা।