হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৮:১৪ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৮:২৭ পিএম
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও নির্মাণাধীন ভবন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালসহ পাঁচজনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আমেরিকাপ্রবাসী শাহিনুর আলমের ছেলে সানি আলম হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তিন কার্যদিবসের মধ্যে মাধবপুর থানায় এফআইআর হিসেবে গণ্য করে আদালতকে অবহিত করার নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন মালঞ্চপুর গ্রামের ইমরান আহম্মদ ও কুদ্দুস মিয়া, আলীনগর গ্রামের আশিকুর রহমান মামুন এবং কালিকাপুর গ্রামের শাহ আলম।
মামলার অভিযোগে বলা হয়, শাহিনুর আলম ক্রয়সূত্রে ১৭ দশমিক ৬১ শতাংশ জমির মালিক এবং নামজারি ও খাজনা পরিশোধ করে তা ভোগদখলে রয়েছেন।
ওই জমিতে ভবন নির্মাণ শুরু করলে শামসুল ইসলাম কামাল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন উল্লেখ করা হয়েছে অভিযোগে।
চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে নির্মাণকাজে বাধা ও হামলা চালানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে শামসুল ইসলাম কামাল বলেন, জমিটি বিরোধপূর্ণ, আমি মীমাংসার জন্যই সেখানে গিয়েছিলাম।