প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৭:৫৩ পিএম
বগুড়ার গাবতলীতে ভাসুরের লাঠির আঘাতে নিজের পালিত মুরগি আহত হওয়ার ঘটনায় ‘বিচার’ চাইতে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ। ছবি: সংগৃহীত
বগুড়ার গাবতলীতে ভাসুরের লাঠির আঘাতে নিজের পালিত মুরগি আহত হওয়ার ঘটনায় ‘বিচার’ চাইতে থানায় হাজির হয়েছেন এক গৃহবধূ।
গাবতলী মডেল থানায় আহত মুরগিটি নিয়ে উপস্থিত হন শম্পা রানী নামের এক গৃহবধূ। বিচিত্র এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শম্পা রানীর একটি ডিমপাড়া মুরগির মাথায় তার ভাসুর (স্বামীর বড় ভাই) লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয় এবং এর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। কেন এমন করা হলো—জানতে চাইলে তার ভাসুর উল্টো আহত মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন। এতে ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তিনি মুরগিটির সুচিকিৎসা ও ঘটনার বিচার চেয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই গৃহবধূ থানায় এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। আমরা মুরগিটির তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে সেটিকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।”
তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।