মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৭:১৯ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে তিন মাস আগে চত্বরের সংস্কারকাজের সময় ছবিগুলো অপসারণ করা হলেও কার নির্দেশে বা সিদ্ধান্তে তা সরানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি সংবলিত ম্যুরাল অপসারণের ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তিন মাস আগে চত্বরের সংস্কারকাজের সময় ম্যুরালটির ছবিগুলো অপসারণ করা হলেও কার নির্দেশে বা সিদ্ধান্তে তা সরানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
চাঞ্চল্যকর বিষয় হলো, ম্যুরাল থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণের বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারাও স্পষ্টভাবে কিছু জানেন না। ফলে প্রশ্ন উঠেছে, মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ করল কে।
ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে প্রায় ১০ বছর আগে সরকারি উদ্যোগে জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি সংবলিত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনে সেখানে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করতেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণ রাষ্ট্রীয় দায়িত্ব। তাই তাদের ছবি সংবলিত ম্যুরাল থেকে ছবি অপসারণ কোনোভাবেই কাম্য নয়।
মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, “জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আগের সরকার তাদের মুরাল সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় স্থাপন করেছিল। এখন সরকারের নির্দেশে সেটি সরানো হয়েছে কি না, আমরা নিশ্চিত না। আমরা এ ধরনের কাজকে সমর্থন করি না।”
ম্যুরালটির ছবি অপসারণের বিষয়ে মাধবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। ম্যুরাল অপসারণের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না।
তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি (ইউএনও) এ ঘটনায় এক মুক্তিযোদ্ধা কমান্ডারের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছিলেন। তবে ওই কমান্ডার এরই মধ্যে মারা গেছেন।
বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া বলেন, চলতি বছেরের ৪ এপ্রিল তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম খান মুক্তিযোদ্ধা চত্বরের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর চত্বরের সংস্কারকাজ ও স্পিডবলের বেড়া নির্মাণসহ বিভিন্ন কাজ ত্বরান্বিত হয়।
বর্তমানে সেখানে জাতীয় চার নেতার পরিবর্তে ১১ জন সেক্টর কমান্ডারের পাশাপাশি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর নাম ও ছবি সংযুক্ত করে নতুন ম্যুরাল নির্মাণের কথা শোনা যাচ্ছে বলেও জানান তিনি।
তবে বর্তমান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মাধবপুর উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ওই ম্যুরাল অপসারণ করা হয়নি। নতুন ম্যুরাল তৈরির ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।
এদিকে জাতীয় চার নেতার অন্যতম এবং মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ মুরাল অপসারণের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের দাবি, জাতীয় চার নেতার ছবি অপসারণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করতে হবে।
একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় চার নেতার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।