গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর নিপা খন্দকার নামে এক প্রসূতি মারা গেছে। প্রতীকীি ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর নিপা খন্দকার (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, নির্ধারিত চিকিৎসকের পরিবর্তে অন্য একজন চিকিৎসক অস্ত্রোপচার করেন এবং অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।
তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় নিপার হার্ট অ্যাটাক হয়েছিল।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল (প্রা.) লি.’ নামের একটি বেসরকারি ক্লিনিকে শুক্রবার এ ঘটনা ঘটে।
নিহত নিপা খন্দকার উপজেলার আটাশিবাড়ী গ্রামের মহিউদ্দিন খন্দকারের মেয়ে।
দুই বছর আগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইছাইল ভাগজাম গ্রামের মেহেদী হাসানের সঙ্গে তার বিয়ে হয়। এটি ছিল তাদের প্রথম সন্তান।
স্বজনদের ভাষ্য, শুক্রবার সকালে প্রসবের জন্য নিপাকে ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে দুপুর দুইটার পর তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
তাদের দাবি, সন্তান জন্মের পরপরই নিপার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের জানায়, নিপা ‘হার্ট অ্যাটাক’ করেছেন এবং তাকে দ্রুত ঢাকা বা খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
স্বজনদের অভিযোগ, নিপার অস্ত্রোপচার করার কথা ছিল সার্জন ডা. শ্যামল বাড়ৈর। কিন্তু শেষ পর্যন্ত তার পরিবর্তে ডা. সোহাগ হাওলাদার অস্ত্রোপচার করেন।
চিকিৎসক পরিবর্তনের বিষয়টি পরিবারের সদস্যদের যথাযথভাবে জানানো হয়নি বলেও তাদের দাবি।
পরে রোগীকে নিয়ে অন্যত্র যাওয়ার পথে সন্দেহ হওয়ায় স্বজনরা নিপাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, ক্লিনিকে থাকতেই নিপার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তাকে দ্রুত অন্যত্র পাঠিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে।
ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় নিপার হার্ট অ্যাটাক হয়েছিল এবং চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ডা. সোহাগ হাওলাদার পলাতক রয়েছেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। চিকিৎসা অবহেলা বা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, সিজারিয়ান অপারেশনের পর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তবে নিপার মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসার নথি, অপারেশন-সংক্রান্ত কাগজপত্র, ব্যবহৃত ওষুধ এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সিদ্ধান্ত পর্যালোচনা জরুরি।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করছেন স্বজন ও এলাকাবাসী।