অরুপ রতন, বগুড়া
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৪:৪০ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৪:৫৬ পিএম
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কাচের ফ্রেমের সামনে দাঁড়িয়ে একদল শিক্ষার্থী। কারও চোখ চিঠির হলদেটে পাতায়, কেউ আবার মোবাইল ফোনে ধরে রাখছে ইতিহাসের সেই মুহূর্ত।
মুক্তিযুদ্ধ চলাকালে লেখা ৫৫ বছর আগের একটি চিঠি। প্রেরকের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
চিঠিটি লেখা হয়েছিল ১৯৭১ সালের ২৪ জুলাই। মুক্তিযুদ্ধ চলাকালে মেজর রফিককে নিজের হাতে চিঠিটি লিখেছিলেন জিয়াউর রহমান। সময়ের স্রোতে বহু বছর পেরিয়ে গেলেও সংরক্ষিত সেই চিঠি আজও বহন করছে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সময়ের স্মৃতি।
বগুড়ার বিএএফ শাহীন কলেজে শনিবার সকালে আয়োজিত দুই দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী ‘বগুড়াপেক্স ২০২৬’-এ চিঠিটি ছিল দর্শনার্থীদের অন্যতম আগ্রহের কেন্দ্র। প্রদর্শনীর বিভিন্ন টেবিলে শত শত ডাকটিকিট, বিশেষ খাম ও স্মারক সাজানো থাকলেও অনেকেই এসে কিছুক্ষণ থমকে দাঁড়াচ্ছিলেন এই চিঠির সামনে।
ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ ও বিএএফ শাহীন কলেজ বগুড়ার যৌথ উদ্যোগে গত ২৯ ও ৩০ আগস্ট কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। বগুড়ায় প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে ছিল ৫০টির বেশি এক্সিবিট। এতে অংশ নেন অর্ধশতাধিক ডাকটিকিট সংগ্রাহক।
প্রদর্শনীতে জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বিমান বাহিনী, শিক্ষা, খেলাধুলা, সংগীতসহ নানা বিষয়ভিত্তিক ডাকটিকিট স্থান পায়। ছিল জিয়াউর রহমানের ছবি সম্বলিত ৫০ টাকা ও ২ টাকার ডাকটিকিট এবং ২০০৪ সালের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধনী খাম।
১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ খামও ছিল প্রদর্শনীতে। সেই খামে সংযুক্ত ছিল জিয়াউর রহমানের ছবি সম্বলিত ২ টাকার ডাকটিকিট। এসব সংগ্রহের একটি অংশ প্রদর্শন করেন ডাকটিকিট সংগ্রাহক মহিউজ্জামান ইমরান।
এক টেবিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আরেকটিতে কনসার্ট ফর বাংলাদেশ। কোথাও বাংলাদেশের পাখি, কোথাও বাংলাদেশ বিমান বাহিনী। খেলাধুলা, শিক্ষা, সংগীত, বিশ্বের বিভিন্ন দেশের পতাকা, রানী এলিজাবেথ এবং মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের ইতিহাসও উঠে এসেছে ছোট্ট ছোট্ট ডাকটিকিটে।
কাগজের এই ক্ষুদ্র টুকরোগুলো যেন একেকটি সময়ের দলিল। ইতিহাস, সংস্কৃতি ও নানা ঘটনার স্মৃতি ধারণ করে আছে সেগুলো।
ডাকটিকিটের এই জগতে আগ্রহী হয়ে উঠছে নতুন প্রজন্মও। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ডাকটিকিট সংগ্রাহক অহী প্রজ্ঞা এ বছরের শুরু থেকে ডাকটিকিট সংগ্রহ করছে। এখন পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে ৭৫০টির বেশি ডাকটিকিট সংগ্রহ করেছে সে।
অহী বলে, আমি মূলত গান গাইতে পছন্দ করি। তাই বিশ্বজুড়ে সংগীতসংক্রান্ত ডাকটিকিট সংগ্রহ করার চেষ্টা করছি।
শিক্ষার্থীদের হাতে লেখা চিঠির প্রতি আগ্রহী করে তুলতে প্রদর্শনীতে হলুদ খামেরও ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষার্থীরা প্রিয়জনদের উদ্দেশে চিঠি লিখবে, আর সেসব চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে ডাক বিভাগ।
নবম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত শ্রাবন্তী বলে, এখানে এসে নতুন অভিজ্ঞতা হলো। একসঙ্গে বিভিন্ন সময়ের ডাকটিকিট দেখলাম। আমিও ভবিষ্যতে ডাকটিকিট সংগ্রহ করব।
হুমায়রা জান্নাতুল ফেরদৌস নামে আরেক শিক্ষার্থী বলে, চিঠি অবশ্যই লেখা উচিত। চিঠির প্রদর্শনী দেখে অনেক ভালো লাগল। এটা আগে কখনও দেখিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চল রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল আল-মাহবুব। তিনি বলেন, ডাকটিকিট সংগ্রহ জ্ঞানের আধার। এর মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বের নানা বিষয় সম্পর্কে জানা সম্ভব। প্রতিযোগিতামূলক পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রেও ফিলাটেলিক জ্ঞান কাজে লাগে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএএফ শাহীন কলেজ বগুড়ার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন নওশাদ ফাতেমী বলেন, এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা। মোবাইল ও ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে তাদের ডাকটিকিট সংগ্রহের মতো জ্ঞানভিত্তিক শখে আগ্রহী করে তুলতে এমন আয়োজন ভূমিকা রাখবে।
বগুড়া ফিলাটেলিক সোসাইটির সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার বলেন, বগুড়ায় প্রথমবারের মতো এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন আয়োজন ছড়িয়ে দেওয়ার আশা তাদের।
ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম ফারুক বলেন, তারা দেশব্যাপী ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছেন। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ডাকটিকিট সংগ্রহে আগ্রহী হয়ে উঠবে বলে তিনি আশা করেন।
দুই দিনের এই আয়োজনে তাই শুধু পুরোনো ডাকটিকিট কিংবা খামের প্রদর্শনীই হয়নি। ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে খুলে গেছে ডাকটিকিট সংগ্রহের এক নতুন জগৎ। আর সেই জগতে দর্শনার্থীদের সবচেয়ে বেশি সময় থমকে দাঁড়াতে দেখা গেছে মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে উঠে আসা জিয়াউর রহমানের হাতে লেখা সেই চিঠির সামনে।