কুমিল্লা অফিস
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:৩১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে থাকা যানবাহন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কার কাজের কারণে কুমিল্লার
চান্দিনা থেকে আষাড়িয়ারচর পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাত থেকে যানবাহনের
ধীরগতি শুরু হলেও শনিবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। এতে ঘণ্টার পর ঘণ্টা
সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও যানবাহনচালক।
দীর্ঘ যানজটে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়িসহ হাজার
হাজার যানবাহন আটকা পড়ে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহনও
যানজটের কবলে থেকে রেহাই পায়নি। কোথাও কোথাও গাড়ি ধীরগতিতে চললেও অনেক স্থানে দীর্ঘ
সময় যানবাহন প্রায় স্থবির হয়ে থাকতে দেখা যায়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের
একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায়
শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কার কাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের
দুটি লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এক লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ
বাড়তে থাকে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজট অব্যাহত থাকার পর শনিবার
ভোর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যানজট ক্রমে বেড়ে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা
পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে
গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এসে গাড়ির গতি
অনেক কমে যায়। এর প্রভাব পড়ে মহাসড়কের পেছনের অংশেও।
যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের বাসচালক রমিজ উদ্দিন বলেন, ‘সকাল
৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে এখনো দাউদকান্দিতে আটকে আছি। কয়েক ঘণ্টা
ধরে গাড়ি খুব ধীরগতিতে চলছে।’
এশিয়া লাইন পরিবহনের চালক কাউছার বলেন, ‘কুমিল্লার চান্দিনা থেকে
নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস
নিয়ে আটকে আছি।’
মেঘনা টোলপ্লাজা এলাকায় যানজটে আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী
বলেন, ‘কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা একইভাবে আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা
সাধারণ যাত্রীদের অনেকেই জানেন না।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম বলেন,
আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কার কাজ করছে। এক লেন দিয়ে
পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে
এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায়
বলেন, সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
তবে যানবাহন পুরোপুরি স্থবির নয়, ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ
করে যাচ্ছে।