কুমিল্লা অফিস
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:১৭ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা আটকে থেকে মারা গেছেন হৃদ্রোগে আক্রান্ত এক রোগী। উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি।
দীর্ঘ যানজটে গাড়ি এগোতে না পারায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত থেকে যানবাহনের ধীরগতি শুরু হলেও শনিবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও চালক।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছার উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় এরপর আর গাড়িটি সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, ‘প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।’
দীর্ঘ যানজটে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়িসহ হাজার হাজার যানবাহন আটকা পড়ে। রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহনও যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছে। কোথাও কোথাও গাড়ি ধীরগতিতে চললেও অনেক স্থানে দীর্ঘ সময় ধরে যানবাহন প্রায় স্থবির হয়ে থাকতে দেখা গেছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের দুটি লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এক লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর যানজট অব্যাহত থাকার পর শনিবার ভোর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যানজট ক্রমে বিস্তৃত হয়ে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় এসে গাড়ির গতি অনেক কমে যায়। এর প্রভাব পড়ে মহাসড়কের পেছনের অংশেও।
যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের বাসচালক রমিজ উদ্দিন বলেন, “সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দিতে আটকে আছি। কয়েক ঘণ্টা ধরে গাড়ি খুব ধীরগতিতে চলছে।”
এশিয়া লাইন পরিবহনের চালক কাউছার বলেন, “কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস নিয়ে আটকে আছি।”
মেঘনা টোলপ্লাজা এলাকায় যানজটে আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, “কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা একইভাবে আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের অনেকেই জানেন না।”
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেম দাস রায় বলেন, সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহন পুরোপুরি স্থবির নয়, ধীরগতিতে চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
শনিবার সকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তীব্র যানজটে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পণ্য পরিবহনকারীরা। বিশেষ করে রোগী ও জরুরি প্রয়োজনে ঢাকাগামী মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।