× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্প-সংস্কৃতি

পূর্ণিমার জোছনায় ফিরল হারানো ঐতিহ্য পুঁথি পাঠের আসর

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা)

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৩:০৭ পিএম

চাটমোহরে পুঁথি পাঠের আসর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাটমোহরে পুঁথি পাঠের আসর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরতের পূর্ণিমা রাত। আকাশজুড়ে জোছনার মায়াবী আলো। গ্রামের একটি খোলা উঠানে মাদুর পেতে বসেছেন শত শত মানুষ। কারও হাতে নেই মোবাইল, নেই কোনো মঞ্চের ঝলমলে আলো। কেবল কুপি ও হারিকেনের নিভু নিভু আলোয় একের পর এক ভেসে আসছে পুঁথির কাহিনি।

মুগ্ধ হয়ে তা শুনছেন শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ। দৃশ্যটি যেন কয়েক শতাব্দি আগের গ্রামবাংলাকে ফিরিয়ে এনেছে। এমনই এক ব্যতিক্রমী আয়োজনে বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহরে বসেছিল হারিয়ে যেতে বসা লোকজ সাহিত্য পুঁথি পাঠের আসর।

উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহার পাড়ায় কিতাব প্রামাণিকের বাড়ির খোলা উঠানে আয়োজিত এ আসরে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জোছনায় মাদুরে গা ঘেঁষে বসে পুঁথি পাঠ শোনেন শত শত দর্শক-শ্রোতা। পুরো উঠানজুড়ে ছিল কৌতূহল আর নীরব মুগ্ধতা।

আসরটিতে নাট্যজন আসাদুজ্জামান দুলাল তার মায়াবী কণ্ঠ ও সুরের আবেশে পাঠ করেন ‘সোনাভান’ পুঁথি। তার সঙ্গে পুঁথি পাঠ করেন লইমুদ্দিন প্রামাণিক ও ওসমান সরদার। পুঁথির ছন্দ, সুর ও কাহিনিতে একসময় নীরব হয়ে যায় পুরো উঠান।

পুঁথি পাঠ শুনতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা। উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শব্দ প্রকৌশলী রিপন নাথ ও চলচ্চিত্রকার নিয়ামুল মুক্তাসহ অনেকে।

আয়োজকদের অন্যতম ডা. আতিকুর রহমান আতিক বলেন, আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা পুঁথি পাঠের ঐতিহ্যকে মানুষের সামনে ফিরিয়ে আনাই তাদের উদ্দেশ্য।

আয়োজনটি সমৃদ্ধ করেন সজল বিশ্বাস, বিপ্লব আচার্য, প্রভাষক আব্দুল মান্নান, অম্লান ভট্টাচার্য, সৌরভ কুন্ডু, শুভ কর্মকারসহ স্থানীয় মুক্তচিন্তার মানুষজন।

পুঁথির পাতায় গ্রামবাংলার গল্প

পুঁথি বাংলা লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা। একসময় গ্রামবাংলার খানকা ঘর, বাড়ির উঠান কিংবা শীতের রাতের আসরে পুঁথি পাঠ ছিল মানুষের অন্যতম বিনোদন। নতুন ধান ঘরে ওঠার পর কিংবা বিশেষ কোনো উপলক্ষে বসত এসব আসর।

পুঁথির কাহিনিতে উঠে আসত প্রেম, বিরহ, যুদ্ধ, বীরত্ব, ধর্মীয় বিশ্বাস ও মানুষের জীবনসংগ্রামের নানা গল্প। আমীর হামজা, শাহনামা, আলেফ লায়লা, হাতেম তাই, কমলা সুন্দরী, দেলদার কুমার ও শাহজাদী দিল পিঞ্জির কিচ্ছা, জঙ্গনামা, ভেলুয়া সুন্দরী, গাজী-কালু ও চম্পাবতী, বিবি সোনাভান, লাইলী-মজনুসহ অসংখ্য পুঁথি একসময় গ্রামবাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল।

গবেষকদের মতে, উপমহাদেশে পুঁথি সাহিত্যের বিকাশ ঘটে মূলত আঠারো শতকে। আনুমানিক ১৬৮০ থেকে ১৭৭০ খ্রিস্টাব্দের মধ্যে হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ তার ‘আমীর হামজা’ রচনার মধ্য দিয়ে পুঁথি কাব্যধারার সূত্রপাত করেন বলে ধারণা করা হয়। ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, পুঁথির ভাষায় উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি শব্দের ব্যবহার ছিল।

কালের বিবর্তনে আকাশ সংস্কৃতির বিস্তার, আধুনিক বিনোদনব্যবস্থার প্রসার ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের কারণে গ্রামবাংলার সেই পুঁথি পাঠের আসর এখন অনেকটাই বিলুপ্তির পথে।

তবে চাটমোহরের সোনাহার পাড়ার এই আয়োজন যেন সেই হারানো দিনেরই এক ঝলক। পূর্ণিমার জোছনা, কুপি-হারিকেনের আলো আর পুঁথির সুরে কয়েক ঘণ্টার জন্য ফিরে এসেছিল গ্রামবাংলার সেই পুরোনো সাংস্কৃতিক আবহ। নতুন প্রজন্মের সামনে খুলে গিয়েছিল লোকজ সাহিত্য-ঐতিহ্যের একটি হারিয়ে যাওয়া দরজা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা