বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ০৯:২৫ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ০৯:২৬ এএম
তৌহীদ জনতার বাধা উপেক্ষা করে শুক্রবার সোনাই নদে আয়োজিত নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সোনাই নদে অনুষ্ঠিত নৌকাবাইচে কোনো নৌকা বিজয়ী হয়নি। গতকাল শুক্রবার বিকালে তৃগাংগারমুখ এলাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে তিনটি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে দুই উপজেলার হাজারো মানুষ নদীর দুই তীরে ভিড় করে।
বিকাল সাড়ে ৪টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর নাম ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। নৌকাগুলোর হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও নৌকাবাইচ দেখতে উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই সোনাই নদের দুই তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নৌকাবাইচ দেখতে জড়ো হন। দূরদূরান্ত থেকেও অনেকে আসে। মাঝিদের বৈঠার ছন্দ ও দ্রুতগতির নৌকা ঘিরে নদের দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নৌকাবাইচ আয়োজন নিয়ে এর আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে কয়েকজন ব্যক্তি নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও সভা করেন। বিষয়টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি সমাধানে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব দেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার বারইগ্রাম বাজারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার মাধ্যমে উদ্ভূত ভুল বোঝাবুঝির অবসান হয়। পরে লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোনাই নদের নৌকাবাইচ বিয়ানীবাজারের বহু বছরের পুরনো সংস্কৃতি। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা অপতৎপরতার কারণে এই গ্রামীণ ঐতিহ্য বন্ধ হওয়া উচিত নয়। নিয়মিত এ ধরনের আয়োজন হলে লোকজ সংস্কৃতি রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।