ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২৩:০২ পিএম
ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার আয়োজিত মাদকবিরোধী র্যালিতে যোগ দেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচার চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
মাদক ও সন্ত্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এ কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সরোয়ার আলমগীর বলেন, “আজ থেকে চট্টগ্রাম-২ নির্বাচনি এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর- এই দুই উপজেলায় আমাদের সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার চলবে। প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি গলিতে এই জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ উদ্যোগকে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের সচেতনতা ও উৎসাহের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বাবা মাদক সেবন করে বাড়ি ফিরলে সন্তানকে তাকে প্রশ্ন করতে হবে- ‘বাবা, এই গন্ধ কিসের? কোথায় ছিলে, কী করেছ, টাকা কোথা থেকে পেলে?”
পরিবারের ভেতর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মাদক ছেড়ে কর্মজীবনে ফিরতে তাদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সেদিকে বাবা-মাকে নজর রাখতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে এবং কোথায় সময় কাটাচ্ছে, সে বিষয়েও নিয়মিত খোঁজ রাখার তাগিদ দেন তিনি।
সন্তানদের ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “যে মা শিক্ষিত, যে মা সচেতন, সেই মা-ই একটি পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন।”
এর আগে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে মাদকবিরোধী র্যালি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।