মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী বিশম্ভর চন্দ্র বর্মণ (৬৪) জেলা পুলিশ সুপার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশম্ভর চন্দ্র বর্মণ উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র বর্মণের ছেলে।
অভিযুক্তরা হলেনÑ মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের শাহ ওমর ফারুক ভান্ডারী, তাড়াইল উপজেলার দামিহা গ্রামের জীবন চন্দ্র বর্মণ ও তার স্ত্রী গীতা রানী বর্মণ।
অভিযোগ সূত্রে জানা যায়, জোয়ারিয়া মৌজার একটি ক্রয়সূত্রে জমিতে ২০২০ সালের ১৯ জানুয়ারি টিনের ঘর নির্মাণ কাজ শুরু করেন ভুক্তভোগী। ঘর নির্মাণকালে অভিযুক্ত শাহ ওমর ফারুক ভান্ডারীসহ কয়েকজন নির্মাণকাজে বাধা দেন এবং জমিটি নিজেদের দাবি করে ভাঙচুর করেন।
পরে গত ৬ আগস্ট অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করে আধাপাকা ঘরের টিনের চাল, বেড়া ও পাকা ভিটার বিভিন্ন অংশ ভেঙে ফেলেন এবং জোরপূর্বক দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে শাহ ওমর ফারুক ভান্ডারী বলেন, দলিল অনুযায়ী ওই জমির পৌনে চার হাত জায়গা আমার। আমার জায়গায় ঘর তোলার কারণে সেটি ভেঙেছি। প্রায় সাত বছর ধরে এ নিয়ে বিরোধ চলছে। প্রশাসন কাগজপত্র যাচাইয়ের জন্য সময় দিয়েছে। তাদের কাগজ বৈধ প্রমাণিত হলে আমি জায়গাটি দাবি করব না। অন্যথায় দলিল অনুযায়ী আমার জায়গা বুঝে নেব।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ হওয়ায় বিষয়টি আদালতের আওতাধীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলমান রয়েছে।