ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২২:০২ পিএম
ঈশ্বরগঞ্জের কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের অপসারণ ও বিচার দাবিতে স্থানীয় নাপ্তের বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঈশ্বরগঞ্জের কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে দপ্তরি নিয়োগের নামে ২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে গত বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। এর আগে গত মঙ্গলবার এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশ-এ সংবাদ প্রকাশিত হয়।
এদিকে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে স্থানীয় নাপ্তের বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচিতে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে ছেলের দপ্তরি পদে চাকরির জন্য প্রধান শিক্ষককে দুই লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী কাউসারের বাবা নুরুল ইসলাম।
তিনি বলেন, ছেলে কাউসারের চাকরির জন্য ঋণ করে প্রধান শিক্ষককে দুই লাখ টাকা দিয়েছিলেন। পরে জানতে পারেন, দপ্তরি পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রধান শিক্ষকের নেই। টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেননি। এ বিষয়ে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও টাকা ফেরত পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হককে শোকজ করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, ‘শোকজের বিষয়টি শুনেছি। তবে এখনও চিঠি হাতে পাইনি।’