মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৫১ পিএম
মারা যাওয়ার আগেই নিজের চল্লিশার আয়োজন করে হাজারো মানুষকে খাওয়ান কিশোরগঞ্জের হোসেনপুরের রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মৃত্যুর পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে ‘চল্লিশা’ আয়োজনের রেওয়াজ বহু দিনের। তবে এবার মৃত্যুর আগেই চল্লিশা আয়োজন করে এই ধারণাকে ভিন্নভাবে দেখিয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক দম্পতি। জীবিত অবস্থায় চল্লিশার আয়োজন করে প্রায় ৫ হাজার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন মো. রফিকুল ইসলাম (৬২) ও তার স্ত্রী বেগম আক্তার (৫৫)।
শুক্রবার উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ব্যতিক্রমী ভোজের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এ আয়োজন। বিভিন্ন বয়সী অসহায় ও নিম্ন আয়ের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেয়। ভোজের মেন্যুতে ছিল গরুর মাংস, মাছের মুড়িঘন্ট, ডাল ও পায়েস। ব্যতিক্রমী এ উদ্যোগ ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়েছে।
আয়োজক মো. রফিকুল ইসলাম উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। জীবিত অবস্থায় নিজের চল্লিশা আয়োজনের কারণ জানতে চাইলে তিনি বলেন, তার দুই সন্তান বাকপ্রতিবন্ধী। ভবিষ্যতে তার মৃত্যুর পর সন্তানরা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে এমন আয়োজন সঠিকভাবে করতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা ছিল। সেই ভাবনা থেকেই জীবিত অবস্থায় নিজ হাতে এ আয়োজন করার সিদ্ধান্ত নেন তিনি। তার হিসাব অনুযায়ী, পুরো আয়োজন করতে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে।
রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও মেয়েজামাই বাবলু মিয়া। তার দুই সন্তান মাসুদ মিয়া (৩০) ও রায়হান মিয়া (১৪) বাকপ্রতিবন্ধী। রফিকুল ইসলামের চাচাতো ভাই মো. শামীম হোসেন বলেন, এ ধরনের আয়োজন আমাদের এলাকায় আগে দেখা যায়নি। সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে খাবারে অংশ নিয়েছেন। স্থানীয়রা জানান, মৃত্যুর পর চল্লিশা করার পরিবর্তে জীবিত অবস্থায় এমন আয়োজন করার বিষয়টি রফিকুল ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।