গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৪৪ পিএম
সিলেটের গোয়াইনঘাটের গুলনী চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের গোয়াইনঘাটের গুলনী চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বাগানের নারী ও পুরুষ শ্রমিকরা অংশ নেন। দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছেÑ দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন; বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার; চা শ্রমিকদের নিজস্ব ভূমির আইনি অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা এবং চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
গুলনী চা বাগানের পঞ্চায়েত সভাপতি মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে এবং যুবনেতা লিটন সাঁওতালের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাগানের চা শ্রমিক নেতা মিঠুন কুর্মী, ছাত্রনেতা যতিন সিং ছত্রী, সবুজ কুর্মী, নারী চা শ্রমিক নাজমিন বেগম, মালা বিশ্বাস, গীতা মুদি ও বিনা মুদি।
সভাপতির বক্তব্যে মৃত্যুঞ্জয় কুর্মী বলেন, বাংলাদেশ সরকার ১০ লাখ রোহিঙ্গা পালতে পারছে, কিন্তু দেড় লাখ চা শ্রমিক পালতে পারছে না। এটি অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে চা শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, ভূমির অধিকার ও বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
চা শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনীতিতে চা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জীবনযাত্রার মান ও মজুরি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয়নি। ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।