বগুড়া অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেতে বগুড়া পৌর হাইস্কুলে দিনব্যাপী ক্যাম্পে ভিড় করেছে হাজারো মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেতে বগুড়া পৌর হাইস্কুলে দিনব্যাপী ক্যাম্পে ভিড় করেছে হাজারো মানুষ। প্রবীণ, নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও দেওয়া হয়েছে বিশেষ চক্ষুসেবা।
শুক্রবার সকাল ৮টা থেকে শহরের বগুড়া পৌর হাইস্কুলে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সৌদি আরব ভিত্তিক চ্যারিটি সংস্থা আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের পরিচালক ডা. আহমেদ তাহের হামিদ আলী বলেন, তাদের লক্ষ্য অন্তত ৫ হাজার রোগীকে সেবা দেওয়া। এ ছাড়া ৫০০ থেকে ১ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের পরিকল্পনা রয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান বলেন, যাদের ওষুধ ও চশমা প্রয়োজন হয়েছে, তাদের তা বিনামূল্যে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, প্রথম দিনের প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত ছানি রোগীদের ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
ক্যাম্পে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।