× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়ায় বিস্ফোরণে মৃত্যু

জাকিরের বাড়িতে আহাজারি, লাশের অপেক্ষায় স্বজনেরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৯:৪১ পিএম

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে নিহত বাংলাদেশিদের একজন ভৈরবের জাকির হোসেন। তার মৃত্যুর খবর জানার পর থেকেই বাড়িতে চলছে মা ও স্ত্রীর আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে নিহত বাংলাদেশিদের একজন ভৈরবের জাকির হোসেন। তার মৃত্যুর খবর জানার পর থেকেই বাড়িতে চলছে মা ও স্ত্রীর আহাজারি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) বিস্ফোরণে নিহত বাংলাদেশিদের একজন কিশোরগঞ্জের ভৈরবের জাকির হোসেন (৩৫)। তার মৃত্যুর খবর জানার পর থেকেই বাড়িতে চলছে মা ও স্ত্রীর আহাজারি। চার বছরের মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। ঋণের টাকা কীভাবে পরিশোধ হবে, তা নিয়েও চিন্তায় পরিবার।

শুক্রবার দুপুরে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের বড় বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারির দৃশ্য দেখা গেছে।

জাকির ওই গ্রামের রতন মিয়ার ছেলে। পরিবারের বড় ছেলে জাকিরকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মা রোকেয়া বেগমের। দেড় বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে তাকে রাশিয়ায় পাঠানো হয়। তবে সেই স্বপ্ন পূরণের আগেই তার মৃত্যু হয়েছে। এখন ছেলের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় মা।

জাকিরের ভাই শরীফ মিয়া বলেন, দেড় বছর আগে তাদের বাবা রতন মিয়া ধারদেনা করে জাকিরকে রাশিয়ায় পাঠান। জাকিরের সঙ্গে তার চাচাতো ভাই আলী হোসেনও রাশিয়ায় যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন জাকির। শুরুতে তার অবস্থা ভালো না থাকলেও দু-এক মাস আগে ওই কোম্পানিতে সুপারভাইজার হিসেবে পদোন্নতি পান। তখন পরিবারে সুদিন ফেরার আশা তৈরি হয়েছিল।

শরীফ বলেন, ২৫ আগস্ট পরিবার জানতে পারে জাকির আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাশিয়ায় থাকা চাচাতো ভাই আলী হোসেনও তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানতেন। তবে ২৭ আগস্ট আলী হোসেনের মাধ্যমে পরিবার জানতে পারে, দুর্ঘটনার দিনই জাকিরের মৃত্যু হয়েছে।

জাকিরের স্ত্রী রিপা বেগম বলেন, ঘটনার দিন সকাল ৭টায় জাকিরের সঙ্গে ফোনে পাঁচ মিনিট কথা হয়েছিল। তখন জাকির বলেছিলেন, ‘আমাদের সুদিন ফিরবে, সবাই যেন দোয়া করি।’

রিপা বলেন, আমি কল্পনাও করতে পারিনি সে মারা যাবে। আমার চার বছরের মেয়ে তায়েবা। মেয়েকে নিয়ে কোথায় যাব, কীভাবে মানুষ করবÑকিছুই বুঝতে পারছি না। 

জাকিরের মা রোকেয়া বেগম দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত যেন সন্তানের মরদেহটি তিনি বুকে নিতে পারেন।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ বলেন, নিহতের পরিবার যেন ছেলের মরদেহ দেশে আনতে পারে, সেই ব্যবস্থা করব।

তিনি বলেন, সরকারিভাবে রাশিয়ায় গিয়ে থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও শ্রমকল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। ভবিষ্যতে আর্থিক সহযোগিতারও সুযোগ রয়েছে।

জানা গেছে, ২৫ আগস্ট রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা