রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৮:২১ পিএম
টানা বৃষ্টিহীনতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানক্ষেত শুকিয়ে কোথাও কোথাও জমিতে ফাটল দেখা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্ষাকাল শেষ হয়ে ভাদ্র মাস চলছে। অথচ দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। টানা বৃষ্টিহীনতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে। কোথাও কোথাও জমিতে দেখা দিয়েছে ফাটল। পানির অভাবে ধানগাছ বিবর্ণ হয়ে পড়েছে। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে রাজারহাটে ১১ হাজার ৯৫৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আগের বছরও একই পরিমাণ জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে।
সরেজমিনে উপজেলার নাজিমখান, উমর মজিদ, বিদ্যানন্দ, চাকিরপাশার, ঘড়িয়ালডাঙ্গা, ছিনাই ও রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিচু জমির কিছু অংশে পানি থাকলেও উঁচু জমিগুলো প্রায় শুকিয়ে গেছে। কোথাও কোথাও মাটি সাদা হয়ে ফেটে গেছে। পানির অভাবে অনেক জমির ধানগাছ বিবর্ণ হয়ে পড়েছে।
নাজিমখান ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ‘আমন ধান লাগানোর উপযুক্ত সময়েই পানির সংকট দেখা দেয়। সেচ দিয়ে চারা রোপণ করেছি। এরপর আর জমিতে পানি দিতে পারিনি। এখন বৃষ্টির অপেক্ষায় আছি।’
বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ী গ্রামের কৃষক আব্দুল খালেক ও আলমগীর হোসেন বলেন, পানির অভাবে সময়মতো জমিতে সার দিতে পারেননি তারা। পরে শুকনো জমিতেই সার দিতে হয়েছে। সার গলানোর জন্য এখন সেচের মাধ্যমে জমিতে পানি দিতে হচ্ছে।
কৃষক কালাম মিয়া বলেন, ‘পানির অভাবে জমি শুকিয়ে যাচ্ছে। সেচ দিলে খরচ বাড়ছে। বৃষ্টির অপেক্ষায় আছি। আবার পানি না থাকায় ধানগাছও ঠিক মতো বাড়ছে না।’
এদিকে পানির সংকটের পাশাপাশি আমন মৌসুমে সার নিয়েও কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। সরকারি বরাদ্দ থাকলেও প্রয়োজনের সময় ইউনিয়ন পর্যায়ে সার না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। ফলে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজারহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় ১৬ জন এবং বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) আওতায় ৯ জন সার ডিলার রয়েছেন। প্রতি ইউনিয়নে বিএডিসির তিনজন ও বিসিআইসির একজন ডিলার থাকার কথা। তবে বাস্তবে কোথাও কোথাও এর ব্যতিক্রম রয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘উপজেলায় সারের সংকট নেই। ডিলারদের সঠিকভাবে সার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সেভাবেই বিতরণ করছেন। পাশাপাশি আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পানির অভাব আগামী সপ্তাহেই কেটে যাবে।’
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আপাতত সারের সংকট নেই। ডিলাররা আগাম সেপ্টেম্বরের সার উত্তোলন করতে পারবেন। তবে পানির অভাবে কৃষকরা কিছুটা সমস্যায় পড়েছেন। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলে পানির সমস্যাও কেটে যাবে।’