বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৬:৩৩ পিএম
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির পর একজনকে আটক করেছে বিজিবি। ছবি: বাসস
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির পর আহত অবস্থায় একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন শুক্রবার সকালে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে বড়লেখা সীমান্তবর্তী কুমারশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ভারতীয় নাগরিক বালাই দাসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে কয়েকজন চোরাকারবারী পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়।
বালাই দাস সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এ বিজিবি কর্মকর্তা।