চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৫:৩১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১৭:১০ পিএম
নিহতদের বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। ছবি: ইউএনবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একই গ্রামের তিন পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
এক শিশুকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে অন্য শিশুরাও পানিতে তলিয়ে যায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো চরচাকলা গ্রামের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজাম উদ্দিনের দুই মেয়ে মোছা. সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুল ইসলামের মেয়ে মোছা. শরিফা (১১)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে শিশুদের একটি দল বাড়ির পাশের মরা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে অন্য শিশুরা একে একে এগিয়ে যায়।
তাদের ভাষ্য, সাঁতার না জানা এবং নদীর গভীরতার কারণে একসময় পাঁচ শিশুই পানিতে ডুবে যায়।
তারা আরও জানান, পরে জুমার নামাজ শেষে স্বজন ও এলাকাবাসী শিশুদের খোঁজ না পেয়ে নদীতে তল্লাশি শুরু করেন।
স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে একে একে পাঁচ শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় বলেও জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
একই গ্রামের তিন পরিবারের পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।