নষ্ট হওয়ার পথে মূল্যবান যন্ত্রপাতি
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৫:২৮ পিএম
রাজারহাটে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে তৈরি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্র ছয় বছরেও চালু হয়নি।
দীর্ঘদিন ধরে তালাবদ্ধ পড়ে থাকায় এটিতে স্থাপন করা মূল্যবান যন্ত্রপাতি প্রায় নষ্ট হওয়ার পথে। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করে আয় বাড়ানোই ছিল এটি তৈরি লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে কেন্দ্রটি চালু না হওয়। এ কারণে স্থানীয় কৃষকরা এ থেকে কোনো সুফলই পাচ্ছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া কুড়িগ্রাম ও জামালপুর জেলার আটটি উপজেলায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট, নাগেশ্বরী, উলিপুর ও চিলমারী এবং জামালপুরের চার উপজেলায় এসব কেন্দ্র তৈরি করা হয়। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিটি কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছয় কোটি টাকা।
আরডিএর তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রে চাল ও আটা, মসলা ও অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, দুধ, মাছ ও মাংস সংরক্ষণের ব্যবস্থা করার কথা ছিল। রাজারহাট কেন্দ্রটিতেও ধান, গম ও সরিষা ভাঙানো, মসলা, চিপস ও বেকারি পণ্য প্রক্রিয়াজাতের সুবিধা রয়েছে। পাশাপাশি দুধ, মাছ ও মাংস সংরক্ষণের জন্য কোল্ড চেম্বারসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রাখা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়। পরে প্রয়োজনীয় মেশিনপত্র স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেন্দ্রটি হস্তান্তর করে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও এটি আর চালু হয়নি।
কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট ও পরিচালনা-সংক্রান্ত নীতিমালার জটিলতায় এটি চালু করা সম্ভব হয়নি। আগের নীতিমালা অনুযায়ী আরডিএর নিজস্ব জনবল দিয়ে কেন্দ্র পরিচালনার কথা থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় কার্যক্রম শুরু করা যায়নি।
এখন নীতিমালা পরিবর্তন করে সমবায়ভিত্তিক সমিতি, এনজিও অথবা আগ্রহী উদ্যোক্তার কাছে টেন্ডারের মাধ্যমে তিন বছর মেয়াদে এটি লিজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে কবে নাগাদ সেই প্রক্রিয়া শেষ হবে এবং এটি চালু হবে-তার সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক তালাবদ্ধ। ভেতরে স্থাপন করা রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক মেশিনপত্র। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় এসব যন্ত্রপাতির প্রায় নষ্ট হওয়া পথে রয়েছে। এটিতে পাহারাদার থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
কৃষকরা বলছেন, কেন্দ্রটি চালু হলে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার সুযোগ তৈরি হতো। এতে ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও কমত।
নাজিমখান ইউনিয়নের কৃষক রহিম মিয়া বলেন, কৃষকরা অনেক কষ্ট করে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে। বাজারে দাম কম থাকলে অনেক সময় বাধ্য হয়ে কম দামে ফসল বেচেত হয়। এই কেন্দ্রটি চালু হলে ফসল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে ভালো দাম পাওয়ার সুযোগ হতো। ছয় কোটি টাকা খরচ করে কেন্দ্র বানিয়ে যদি তালাবদ্ধই রাখা হয়, তাহলে কৃষকদের কী লাভ?
উমর মজিদ ইউনিয়নের কৃষক সালাম মিয়া বলেন, কৃষকদের সুবিধার জন্য এত বড় একটি কেন্দ্র তৈরি করা হয়েছে। অথচ বছরের পর বছর ধরে এটি বন্ধ। ভেতরে দামি মেশিনপত্র পড়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকলে এসব মেশিন নষ্ট হবে তাতে সন্দেহ নেই। দ্রুত এটি চালু করে কৃষকদের কাজে লাগানো দরকার।
এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শওকত আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্পটি আমাদের মন্ত্রণালয়ের হলেও প্রকল্পটি সম্পর্কে আমি কিছু জানি না। এটির ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।
রংপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক জাহেদুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগের নীতিমালা অনুযায়ী কেন্দ্রগুলো নিজস্ব জনবল দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু জনবল সংকটের কারণে সেগুলো চালু করা যাচ্ছে না। তাই নীতিমালা পরিবর্তন করে টেন্ডারের মাধ্যমে কেন্দ্রগুলো লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদে এটি চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
উপজেলা ইউএনও এবং উপজেলা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি তানজিলা তাসনিম বলেন, বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি দেখব এবং প্রয়োজনে ব্যবস্থা নেবো।
সরকারি প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সুযোগ তৈরি করে তাদের আয় বাড়ানো এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু নির্মাণের পর বছরের পর বছর পার হলেও কেন্দ্রটি চালু না হওয়ায় সরকারের প্রায় ছয় কোটি টাকার বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হচ্ছে কৃষক ও স্থানীয় জনগোষ্ঠী।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কেন্দ্রটি চালু করা না হলে একদিকে সরকারি অর্থের বিনিয়োগ থেকে কৃষকরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন না, অন্যদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় মূল্যবান যন্ত্রপাতি ও অবকাঠামো ধ্বংস হয়ে আরও সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি বাড়াবে।