মহেশখালীর পাহাড়ী জমি বেদখলে নিয়ে তৈরি করা হয়েছে পানের বরজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মহেশখালীতে প্রায় ২০ হাজার একর পাহাড়ি সরকারি জমি গ্রাস করেছে দখলবাজরা। উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা ও কুতুবজোম ইউনিয়ন ছাড়া অন্য পাঁচ ইউনিয়নের পাহাড়ি জমির বড় অংশ দখল করে চাষাবাদ করছে প্রভাবশালীরা।
সরকারি হিসাবে পাহাড়ি জমির পরিমাণ প্রায় ১৮ হাজার একর। এর সঙ্গে জন-জরিপে থাকা আরও প্রায় দুই হাজার একর জমি ধরলে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার একর জমি। দীর্ঘদিন ধরে এসব জমি বন্দোবস্তের বাইরে থাকায় সরকার একদিকে সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে জমিতে চাষ করা প্রকৃত কৃষকরাও পড়ছেন নানা প্রশাসনিক জটিলতায়।
স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, সরকারি খাসজমিতে চাষাবাদ করলেও অধিকাংশ কৃষকের হাতে বৈধ মালিকানার কাগজ নেই। ফলে কৃষিঋণ নিতে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। কারণ ঋণ পাওয়ার ক্ষেত্রে নিজ নামে খতিয়ানভুক্ত জমি দেখানো এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যাংকে বন্ধক রাখার শর্ত রয়েছে। কিন্তু যে জমিতে বছরের পর বছর চাষ করছেন, সেটি সরকারি খাসজমি হওয়ায় সেই শর্ত পূরণ করতে পারছেন না তারা। অন্যদিকে দখলদাররা এসব জমি চাষিদের বর্গা দিয়ে নিয়মিত অর্থ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ি এসব জমিতে দীর্ঘদিন ধরে পান, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন হয়ে আসছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণ ও বন্দোবস্ত না থাকায় একই ভূমিকে ঘিরে দখল, বর্গা এবং চাষাবাদের একটি অনানুষ্ঠানিক অবৈধ বেচাকেনা ও বর্গা বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছে। উপজেলার বাসিন্দা শামসুল আলম বলেন, সরকার কৃষকদের সুবিধার জন্য ঋণের ব্যবস্থা করলেও খতিয়ানভুক্ত জমি না থাকায় প্রকৃত চাষিরা সেই সুবিধা নিতে পারছেন না। তার মতে, পাহাড়ি মৌজাগুলো জরিপের আওতায় এনে নিয়মের অন্তর্গত করা হলে সরকার রাজস্ব পেতে পারে এবং চাষিরাও বৈধভাবে জমি ব্যবহারের সুযোগ পাবেন।
তবে পাহাড়ি জমি দখল নিয়ে আরও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী দখলদাররা সরকারি পাহাড়ি জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে তা কৃষকদের কাছে বর্গা দিচ্ছেন। বিনিময়ে আদায় করছেন অর্থ। একই সঙ্গে বন বিভাগের সঙ্গে যোগসাজশ করে কিছু দখলদার এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, বন বিভাগের আওতাধীন এলাকায় বনায়নের জন্য জমি নির্ধারণের পর দখলদার উচ্ছেদ করতে গেলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। কোথাও কোথাও সেই বিরোধ সংঘর্ষে গড়ানোর ঘটনাও ঘটেছে।
পাহাড়ি সরকারি জমি বেদখলমুক্ত করার ক্ষেত্রেও রয়েছে প্রশাসনিক ও আইনি জটিলতা। খাসজমির মালিকানা রাষ্ট্রের হওয়ায় ব্যক্তিগতভাবে তা বেচা, হস্তান্তর বা বৈধ মালিকানা দাবি করার সুযোগ নেই। আবার দীর্ঘদিন দখলে থাকা জমি উদ্ধারে প্রয়োজন হয় সরকারি রেকর্ড যাচাই, সীমানা নির্ধারণ, জরিপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্ছেদ কার্যক্রম। বন বিভাগের নিয়ন্ত্রণাধীন জমির ক্ষেত্রে বনভূমির শ্রেণি, রেকর্ড ও ব্যবস্থাপনা বিধিও বিবেচনায় নিতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই প্রক্রিয়ার দুর্বলতা ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তার সঙ্গে দখলদারদের যোগাযোগের সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে দখল টিকে রাখা হয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি সরকারি জমির সঠিক জরিপ, শ্রেণি নির্ধারণ, রেকর্ড সংরক্ষণ ও দখল শনাক্ত করা ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। একই সঙ্গে বৈধভাবে কৃষি ব্যবহারের সুযোগ থাকলে বন্দোবস্তের নীতিমালা অনুযায়ী প্রকৃত চাষিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে। মহেশখালীর বিস্তীর্ণ পাহাড়ি জমি এভাবে অনির্ধারিত অবস্থায় পড়ে থাকলে সরকারি সম্পদের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকরাও প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে দূরে থাকবেন। ফলে ২০ হাজার একর পাহাড়ি জমির মালিকানা, ব্যবহার ও দখল নিয়ে প্রশাসনিক পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয়দের।