কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৪:৩৬ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ১৪:৩৭ পিএম
পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খানের মৃতদেহ সাড়ে ৩৯ ঘণ্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপের চর থেকে উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে পর্যটকের মৃতদেহ ভেসে আসলে স্থানীয় গ্রাম পুলিশ উদ্ধার করে বলে জানান, সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম।
এর আগে বুধবার দুপুর আড়াই টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জল তরঙ্গ সংলগ্ন সাগরে গোসলে নেমে নিহত হন পর্যটক ইয়াছিন খান (২৫)। নিখোঁজ হন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। দুই জনই আই জেট কেপি কোম্পানি কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি গ্রুপ কক্সবাজারে আসে এবং তারা হোটেল বিস্তা বে-তে অবস্থান করে ছিলেন। বুধবার জল তরঙ্গের সামনে দুইজন পর্যটকের পানিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইয়াছিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ হন অপর একজন।
লাইফ গার্ডের তথ্য মতে গত এক বছরে সমুদ্র সৈকতে গোসলে নেমে ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন একজন।