× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে ফিলিং স্টেশনেই সিলিন্ডারে ভরা হচ্ছে গ্যাস, বাড়ছে ঝুঁকি

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৪:১৩ পিএম

ফটিকছড়ি উত্তরের হেয়াকো বেগবাজারের রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরছে এক গ্রাহক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ি উত্তরের হেয়াকো বেগবাজারের রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরছে এক গ্রাহক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বেগবাজারে গাড়িতে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত এলপিজি ফিলিং স্টেশনেই গ্যাস দেওয়া হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে। 

স্থানীয়দের অভিযোগ, ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে নিয়মিত এভাবে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছে। অনুমোদিত পদ্ধতির বাইরে গ্যাস দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বাজারদরের তুলনায় কম দামে গ্যাস পাওয়ায় অনেক গ্রাহক ঝুঁকি জেনেও ওই স্টেশন থেকে রান্নার সিলিন্ডারে গ্যাস ভরছেন। অভিযোগ রয়েছে, বাজারজাত সিলিন্ডারে সর্বোচ্চ ১২ কেজি গ্যাস ধারণের কথা থাকলেও সেখানে ১৫ থেকে ১৬ কেজি পর্যন্ত গ্যাস ভরা হচ্ছে। এসব সিলিন্ডারে দেওয়া গ্যাস বাজারদরের তুলনায় ৪০০ থেকে ৫০০ টাকা কমে বিক্রি হওয়ায় গ্রাহকদের মধ্যেও এর চাহিদা রয়েছে।

মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক গ্রাহকের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারে ফিলিং স্টেশন থেকেই গ্যাস ভরা হচ্ছে। ওই গ্রাহক ৮০০ টাকার গ্যাস নেন। অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে সিলিন্ডারে গ্যাস ভরার জন্য অতিরিক্ত ৫০ টাকা নেওয়া হয়। এ ছাড়া স্থানীয় কয়েকজনের কাছে অন্য সময় ওই স্টেশনে রান্নার সিলিন্ডার রিফিলের ছবি ও ভিডিও পাওয়া গেছে।

মোটরসাইকেলে করে আনা একটি রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাস ভর ছিলেন ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী কামরুল হোসেন। তিনি বলেন, মালিক যেভাবে বেচতে বলেন, সেভাবেই বেচি। অনুমতিপত্র আছে কিনা, সেটা জানি না।

হেঁয়াকোর এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী শফিউল আলম ও আবু তাহের বলেন, বিষয়টি নজরে আসার পর তারা ফিলিং স্টেশনের মালিক আবুল কালাম আজাদকে জানান। তবে তিনি বিষয়টি মানতে নারাজ বলে জানান তারা।

অথচ বিস্ফোরক আইনে বলা আছে, স্বয়ংক্রিয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত এলপিজি বিতরণ স্টেশন থেকে মোটরযানে বা অন্য কোনো স্বয়ংক্রিয় ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত জ্বালানি ধারণ পাত্র ব্যতীত অন্য কোনো বহনযোগ্য পাত্রে এলপিজি ভর্তি করা যাবে না। আইন লঙ্ঘন হলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের সাজার বিধান রয়েছে।

রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ সিলিন্ডারে গ্যাস রিফিলের বিষয়টি স্বীকার করে বলেন, সরকারের যথাযথ অনুমোদন নিয়ে গ্যাস বিক্রি করছি। আমরা রাষ্ট্রীয় কোনো ক্ষতির কাজ করছি না। এলাকায় অসহায় গরিব মানুষের সহায়তা করার জন্য গ্যাস দিয়ে থাকি। তবে তিনি তার দাবির পক্ষে অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি।

এলপিজি খাতের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাড়ির জ্বালানি ও রান্নার কাজে ব্যবহৃত এলপিজির ব্যবহারের ধরন এক নয়। অনুমোদিত পদ্ধতি ছাড়া রান্নার সিলিন্ডারে গ্যাস ভরলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্খজ বড়ুয়া বলেন, এ ধরনের কাজ বেআইনি ও ঝুঁকিপূর্ণ। বিষয়টি খোঁজ নিয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এভাবে পাম্প থেকে সিলিন্ডার রিফিল করার কোনো সুযোগ নেই। একই সঙ্গে এটি আইনের লঙ্ঘন এবং ঝুঁকিপূর্ণ। আশপাশে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এ ধরনের বেআইনি কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা