লেমশিখালীতে হচ্ছে লবণের ‘কেন্দ্রীয় হাব’
তাহজীবুল আনাম, কক্সবাজার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৩:৫৩ পিএম
কুতুবদিয়ায় চাষ হচ্ছে লবণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাগরবেষ্টিত কক্সবাজারের কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়, দেশের লবণ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল।
শত বছর ধরে উপকূলীয় এই জনপদের মানুষের জীবন-জীবিকা লবণ চাষের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, বৈরী আবহাওয়া, সংরক্ষণ সংকট, বাজারদরের অস্থিরতা ও ন্যায্যমূল্য না পাওয়ায় লবণচাষিদের দুর্ভোগ এখনও কাটেনি।
এমন বাস্তবতায় কুতুবদিয়ার লেমশীখালী এলাকায় দীর্ঘদিন ধরে লবণ চাষে ব্যবহৃত ১১৩ দশমিক ৫৬ একর সরকারি জমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অনুকূলে নামমাত্র বা প্রতীকী দামে হস্তান্তরের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে। বিসিকের পরিকল্পনা অনুযায়ী, জমিটি স্থায়ীভাবে তাদের অনুকূলে গেলে সেখানে আধুনিক লবণ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্রশিক্ষণ, গবেষণা ও প্রদর্শনী কার্যক্রমের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলা হবে।
বিসিক সূত্রে জানা যায়, লেমশীখালী এলাকায় লবণ প্রক্রিয়াজাতকরণ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ১৯৬১ সালে জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ওই এলাকায় লবণ চাষের পাশাপাশি বিসিকের প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ শিল্প সচিবের কাছে দেওয়া এক চিঠিতে জমিটি স্থায়ীভাবে বিসিকের অনুকূলে হস্তান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। চিঠিতে আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১ ও জাতীয় লবণনীতি, ২০২২-এর আলোকে দেশের লবণ শিল্পের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিসিকের তথ্য অনুযায়ী, বিএস জরিপের সময় বিসিকের নিজস্ব ক্রয়কৃত ২ দশমিক ৯০ একর জমির সঙ্গে সরকারের কাছ থেকে লিজ নেওয়া জমির ১০৬ দশমিক ৫৭ একরসহ মোট ১০৯ দশমিক ৫৭ একর জমি বিসিকের নামে বিএস রেকর্ডভুক্ত হয়। তবে জমিটি লিজের আওতায় থাকায় নির্দিষ্ট সময় পরপর নবায়নের প্রয়োজন হয়।
বিসিকের দাবি, লিজ নবায়ন-সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে প্রান্তিক লবণচাষিদের সময়মতো জমি বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এতে উৎপাদন কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাষিদের সমস্যা দাম ও সংরক্ষণ :
কুতুবদিয়ার লবণচাষিদের জন্য জমি শুধু উৎপাদনের জায়গা নয়, এটি মৌসুমি আয়ের প্রধান উৎস। কিন্তু উৎপাদন খরচের তুলনায় বাজারদর কমে গেলে পুরো মৌসুমের হিসাবই উল্টে যায়।
চলতি ২০২৫-২৬ মৌসুমে কুতুবদিয়ায় লবণ উৎপাদনের শুরু থেকেই দামের অস্থিরতা চাষিদের উদ্বেগ বাড়িয়েছে। মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, মাঠে প্রতি মণ লবণ মাত্র ১৬০ টাকায় বিক্রি হচ্ছিল, যেখানে জমির লিজ, শ্রমিক ও পলিথিনসহ উৎপাদন ব্যয় পড়ছিল প্রায় ৩০০ টাকা।
এর আগে মৌসুমের শুরুতেও কুতুবদিয়ায় প্রতি মণ লবণ ১৮০ টাকায় বিক্রির খবর আসে। অথচ চাষিদের হিসাবে উৎপাদন খরচ ছিল ২০০ টাকার বেশি। এতে অনেক চাষিই লোকসানের আশঙ্কা করেন।
এ অবস্থায় লেমশীখালীর ১১৩.৫৬ একর জমিতে শুধু উৎপাদন বাড়ানোর অবকাঠামো নয়, সংরক্ষণাগার ও বাজারজাতকরণ সুবিধা তৈরি করা গেলে চাষিরা উৎপাদিত লবণ তাৎক্ষণিক কম দামে না বেচে সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বাজারজাত করার সুযোগ পেতে পারেন।
উৎপাদন কমেছে বৈরী আবহাওয়ায় :
দেশের লবণ শিল্পের জন্য ২০২৫-২৬ মৌসুমটিও ছিল চ্যালেঞ্জিং। বিসিকের তথ্য অনুযায়ী, এ মৌসুমে দেশে ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ মেট্রিক টন- লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম।
মৌসুমে প্রায় ১৯৪ দিন মাঠে কাজ করা সম্ভব হলেও বৈরী আবহাওয়ায় চাষিরা ৩৬ দিন মাঠে নামতে পারেননি। এ সময়ে ৪০ হাজার ১৫০ জন চাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণ উৎপাদন করেন।
এই পরিস্থিতি দেখিয়ে দেয়, লবণ উৎপাদন শুধু জমি ও শ্রমের ওপর নির্ভরশীল নয়; আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো প্রযুক্তি, দ্রুত উৎপাদন, নিরাপদ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ।
আধুনিক প্রযুক্তিতে উৎপাদন বাড়ানোর দাবি :
বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূঁইয়া জানিয়েছেন, আধুনিক পদ্ধতিতে সাদা, দানাদার ও পরিপক্ব লবণ উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিসিকের হিসাবে ইতোমধ্যে ১০ হাজার দক্ষ লবণচাষি তৈরি হয়েছে।
কম জমিতে বেশি মানসম্পন্ন লবণ উৎপাদনের জন্য পলিথিন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বিসিকের দাবি, এ পদ্ধতিতে কালো লবণের উৎপাদন প্রায় বন্ধ হওয়ার পাশাপাশি উৎপাদন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় কক্সবাজারের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালীতে ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে চাষিদের প্রযুক্তিগতসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
‘কেন্দ্রীয় হাব’ হতে পারে লেমশীখালী :
বিসিকের পরিকল্পনা বাস্তবায়িত হলে লেমশীখালীর কেন্দ্রটি কুতুবদিয়ার পাশাপাশি পুরো উপকূলীয় লবণশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও প্রশিক্ষণকেন্দ্র হয়ে উঠতে পারে।
এখানে আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদনের প্রশিক্ষণ, নতুন প্রযুক্তির প্রদর্শনী, লবণের গুণগত মান পরীক্ষা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও গবেষণা একসঙ্গে পরিচালিত হলে চাষিদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি লবণের মানও বাড়ানো সম্ভব হতে পারে।
লবণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, কাঁচা লবণের বিশুদ্ধতা, আর্দ্রতা ও প্রক্রিয়াজাতকরণের সমস্যা সমাধানে অবকাঠামোগত আধুনিকায়ন জরুরি।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আবেদ আহসান সাগরও লবণের বিশুদ্ধতা বাড়ানো ও লবণভিত্তিক শিল্পের আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
অন্যদিকে, চলতি বছরের জুলাইয়ে কক্সবাজার চেম্বারে অনুষ্ঠিত লবণ মিল মালিক ও চাষিদের মতবিনিময় সভায় দেশীয় লবণ শিল্পের টেকসই উন্নয়ন, চাষিদের ন্যায্যমূল্য এবং বাজারে স্থিতিশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি ফখর উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জমি হস্তান্তর হলে কারা পাবেন সুফল ?
লেমশীখালীর এই জমি বিসিকের অনুকূলে স্থায়ীভাবে হস্তান্তরের উদ্যোগের সবচেয়ে বড় প্রশ্ন- এর সুফল শেষ পর্যন্ত কারা পাবেন?
স্থানীয় লবণচাষিদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, শুধু উৎপাদন বাড়ালেই হবে না। উৎপাদিত লবণের ন্যায্যমূল্য, সংরক্ষণ সুবিধা, সহজ বাজারজাতকরণ এবং সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। স্থানীয় চাষি আলমগীর হোসেন বলেন, জমিটি বিসিকের অনুকূলে গেলে প্রকৃত ও প্রান্তিক লবণচাষিদের অগ্রাধিকার দেওয়া জরুরি। জমি বরাদ্দ, প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়ানো দরকার।
লবণ চাষি জাফর আলম ও সুলতান আহমদ বলেন, গত বছর লবনের দাম কম থাকায় তাদের জমির একটি অংশ পতিত রাখতে হয়েছিল।
জমি নিয়ে আইনি জটিলতাও রয়েছে :
বিসিকের চিঠিতে দাবি করা হয়েছে, জমিটি খাসজমি হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা বিভিন্নভাবে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
ফলে জমিটি স্থায়ীভাবে হস্তান্তরের আগে মালিকানা, দখল ও আদালতে চলমান মামলার বিষয়গুলো নিষ্পত্তি বা স্পষ্ট করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এসব বিরোধ অমীমাংসিত রেখে বড় ধরনের অবকাঠামো নির্মাণ করা হলে ভবিষ্যতে নতুন প্রশাসনিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে।
অন্যদিকে বিসিকের যুক্তি, জমিটি স্থায়ীভাবে তাদের অনুকূলে থাকলে বারবার লিজ নবায়নের প্রশাসনিক জটিলতা থাকবে না। এতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও লবণশিল্প উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
ভূগর্ভস্থ পানি ব্যবহারে পরিবেশের ঝুঁকি :
লবণশিল্প আধুনিকায়নের পাশাপাশি পরিবেশগত বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কুতুবদিয়ায় ভূগর্ভস্থ লোনাপানি তুলে লবণ উৎপাদনের প্রবণতা নিয়ে পরিবেশগত উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে লেমশীখালীসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ লোনাপানি উত্তোলনের চিত্র উঠে এসেছে।
তাই নতুন কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর, মাটির গুণাগুণ, অতিরিক্ত লবণাক্ততা এবং স্থানীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন।
জানা গেছে, ১১৩ দশমিক ৫৬ একর জমি বিসিকের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। বিসিক চেয়ারম্যানের চিঠির পর ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রশাসনিক ও আইনগত বিষয় পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
কুতুবদিয়ার লেমশীখালীর ১১৩.৫৬ একর জমি একদিকে দেশের লবণ শিল্পকে আধুনিক করার বড় সুযোগ, অন্যদিকে এটি স্থানীয় প্রান্তিক চাষিদের অধিকার ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।