আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৩:২৮ পিএম
বেলাল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিয়োগপত্র বেতন নেই। নেই কোনো সরকারি সুযোগ-সুবিধাও। তবুও ২৭ বছর ধরে মানুষের জীবন রক্ষায় রেলগেট কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন লালমনিরহাটের বেলাল হোসেন।
৬৫ বছরের এই প্রবীণ নিজের ছোট্ট মুদি দোকান চালিয়ে সংসার চালালেও ট্রেনের হুইসেল শুনলেই ছুটে যান রেললাইনের পাশে।
লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ি মাস্টারপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের দিন কাটে রেললাইনের পাশের ছোট্ট দোকানে। কিন্তু ট্রেন আসার সংকেত পেলেই দোকান ছেড়ে ছুটে যান রেলগেটে। যানবাহন ও পথচারীদের থামিয়ে ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করেন। ট্রেন চলে গেলে আবার ফিরে আসেন নিজের দোকানে।
স্থানীয়দের ভাষ্য, লালমনিরহাট-আদিতমারী-কালীগঞ্জ-হাতীবান্ধা হয়ে পাটগ্রামের বুড়িমারী পর্যন্ত চলাচলকারী গুরুত্বপূর্ণ রেলপথের এই গেটে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী গেটকিপার নেই। প্রতিদিন অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ শত শত মানুষ এই রেললাইন পার হন। ফলে সবসময়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে।
এমন পরিস্থিতিতে কোনো নিয়োগপত্র বা পারিশ্রমিক ছাড়াই দীর্ঘ ২৭ বছর ধরে স্বেচ্ছায় রেলগেটের দায়িত্ব পালন করে আসছেন বেলাল হোসেন। মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি এই কাজ করে যাচ্ছেন।
বেলাল হোসেন বলেন, আমি কোনো বেতন বা সুবিধার জন্য এই কাজ করি না। ট্রেন আসার খবর পেলেই দোকান রেখে গেটে চলে যাই। যতদিন পারি, মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যেতে চাই।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল না থাকলে এই রেলগেট দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। দীর্ঘদিন ধরে তিনি নিজের দায়িত্ববোধ থেকে মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তাই দ্রুত ওই রেলগেটে একজন স্থায়ী গেটকিপার নিয়োগের পাশাপাশি বেলালের দীর্ঘদিনের মানবিক অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার তসলিম আহমেদ খান বলেন, ওই রেলগেটে স্থায়ী গেটকিপার নিয়োগের প্রক্রিয়া চলছে।
দীর্ঘ ২৭ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের নিরাপদ পথচলা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাওয়া বেলাল হোসেন এখন এলাকাবাসীর কাছে একজন নীরব প্রহরী। নিজের জীবনের ব্যস্ততার মধ্যে অন্যের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এই প্রবীণের অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতির অপেক্ষায় স্থানীয়রা।