প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২১:০৯ পিএম
লালমনিরহাট, নেত্রকোণা ও নওগাঁয় কিশোরী ও শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভাণ্ডারদহ এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার সৎ বাবা ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেছেন। কিশোরীকে মামার বাড়িতে নেওয়ার কথা বলে অভিযুক্ত সেলিম ইসলাম তাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সন্ধ্যার পর একটি বাঁশঝাড় এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে আটকে অভিযান চলছে।
কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সময় ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের পর আবু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া, মামলা হওয়ার পরপরই একজন বাদে বাকি আসামিরা পলাতক রয়েছে। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, বুধবার বিকালে শিশুটি খেলতে গেলে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।
শ্রীপুর (গাজীপুর): গাজীপুরে চাকরি থেকে অব্যাহতির পাওনা টাকা আদায়ে সহায়তার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রমিক নেতা শফিউল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার সকালে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় আয়োজিত মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। বাসন থানার ওসি হারুন-আর রশীদ জানান, নারী পোশাক শ্রমিকের লিখিত আবেদনের প্রেক্ষিতে ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামি শফিউল আলমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।