× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরএমপি দপ্তরে অভিযোগ দিতে গিয়ে হেনস্তার শিকার গৃহিণী-সাংবাদিক

রাজশাহী অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:৪১ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ২০:৫৫ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশের এক এএসআই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দাদন ব্যবসার অভিযোগ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে আবেদন জমা দিতে গিয়ে কয়েকজন ভুক্তভোগী গৃহিণী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আরএমপি সদর দপ্তরে এ ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের আবেদন গ্রহণের ব্যবস্থা করেন।

অভিযোগকারী গৃহিণীদের ভাষ্য, মতিহার থানায় কর্মরত এএসআই মনিরুল ফেরদৌস ও তাঁর স্ত্রী মনিরা বেগম দীর্ঘদিন ধরে রাজশাহীতে দাদন বা সুদের ব্যবসা পরিচালনা করছেন। পবা উপজেলার পারিলা ইউনিয়নের বর্জ্যাপুর গ্রামের সুমি আক্তারসহ প্রায় ২০টি পরিবারের সদস্য তাঁদের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ঋণের টাকা পরিশোধ করতে গেলে ওই দম্পতি পাওনার চেয়ে বেশি অর্থ দাবি করেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে আরও কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

সুমি আক্তারসহ অন্য ভুক্তভোগীরা জানান, প্রায় দুই মাস আগে তারা অভিযোগ নিয়ে আরএমপি কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আবেদন দিতে গেলে কমিশনারের স্টাফ অফিসার তাদের আবেদন গ্রহণ করেননি। বৃহস্পতিবার পুনরায় আবেদন জমা দিতে গেলে বিষয়টি সাংবাদিকদের জানানো হয় এবং কয়েকজন সাংবাদিক অভিযোগের তথ্য জানতে তাদের সঙ্গে যান।

তাদের অভিযোগ, আরএমপি সদর দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের বাধা দেওয়া হয়। পরে সীমিতসংখ্যক ভুক্তভোগী ও সাংবাদিককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও স্টাফ অফিসারের কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

সাংবাদিক ও ভুক্তভোগীদের অভিযোগ, একপর্যায়ে কমিশনারের স্টাফ অফিসার সালমা সুলতানা আলম কক্ষ থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তবে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ঘটনাস্থলে এসে বিষয়টি শোনেন। তিনি কেন আগে আবেদন গ্রহণ করা হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কাছে জানতে চান এবং দ্রুত আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টিও পরে আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ভুক্তভোগী সুমি আক্তার বলেন, আমরা দুই মাস ধরে পুলিশ কমিশনারের কাছে দরখাস্ত দেওয়ার চেষ্টা করছি। আজ সাংবাদিকদের নিয়ে গেলে আমাদের সঙ্গে আবারও খারাপ আচরণ করা হয়। পরে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার নির্দেশে আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা