সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:৩৪ পিএম
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের বাউন্ডারি থেকে চার শতাধিক রডের গ্রিল উধাও হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্যবর্ধন প্রকল্পের বাউন্ডারি থেকে চার শতাধিক রডের গ্রিল উধাও হয়ে গেছে। এসব গ্রিলের দাম ২০ লাখ টাকার বেশি। সরকারি এই সম্পদ কীভাবে এবং কারা চুরি করে নিয়ে গেছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নজরদারির অভাবেই একের পর এক সরকারি সম্পদ চুরি হচ্ছে।
সরেজমিন নরসুন্দা সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাচারিবাজার ব্রিজ থেকে বড়বাজার মাছমহল ব্রিজ পর্যন্ত ঘুরে দেখা যায়, নদের দুই পাশের বাউন্ডারির বিভিন্ন অংশে রডের তৈরি গ্রিল নেই। কোথাও কোথাও দীর্ঘ অংশজুড়ে গ্রিল উধাও হয়ে যাওয়ায় বাউন্ডারি কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে এসব গ্রিল চুরি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায়ও নরসুন্দার পাড়ের বিভিন্ন অংশে পর্যাপ্ত নজরদারি নেই। আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ওয়াকওয়ের অধিকাংশ সড়কবাতি নষ্ট বা অচল থাকায় পুরো এলাকায় নেমে আসে ভুতুড়ে অন্ধকার। এই সুযোগে ছিনতাইসহ নানা অপরাধ ঘটছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি নদের পাড়ের বিভিন্ন স্থান মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফলে সন্ধ্যার পর নিরাপত্তার কারণে অনেকেই ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে চান না।
পৌরবাসী আজিজুল রিয়াদ ও সাকিবসহ কয়েকজন বলেন, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদাসীনতা এবং সংশ্লিষ্ট কর্মচারীদের দায়িত্ব পালনে অবহেলার জন্যই সরকারি সম্পদ এভাবে উধাও হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি না থাকায় একটি চক্র সরকারি স্থাপনার বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাদের।
নরসুন্দা সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৪ সালে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ১১০ কোটি টাকা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০১৬ সালে প্রকল্পের কাজ শেষ হয়। তবে প্রকল্প বাস্তবায়নের সময়ই এর ব্যয় ও কাজের মান নিয়ে নানা অভিযোগ উঠেছিল।
সরকারি টাকায় নির্মিত এত বড় একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ গ্রিল কীভাবে কয়েক বছর ধরে চুরি হয়ে গেল, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।
কিশোরগঞ্জ পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কোনো কিছু জানি না।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, প্রকল্পটি এলজিইডি বাস্তবায়ন করেছে। কিন্তু আমাদের বুঝিয়ে দেয়নি। আমি সরেজমিন পরিদর্শন করে পৌর প্রশাসকের সঙ্গে কথা বলব।
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনায়েত কবির বলেন, আমাদের দায়িত্ব ছিল বাস্তবায়ন করে দেওয়া, আমরা তা করেছি। এই প্রকল্পের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের।