রংপুর অফিস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:১৬ পিএম
রংপুর নগরীর শাপলা চত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, একটি শিক্ষিত, ভদ্র পরিবারের চারজনকে হত্যা করা হলো। সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে গোয়েন্দা সংস্থার পেছনে। অথচ এমন হত্যাকাণ্ড ঘটলো আজও এর সঠিক ক্লু বের করা গেল না। গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের সঠিক ক্লু বের করতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
বিএনপি সরকারের ৬ মাসে প্রায় সাড়ে ৫শ খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন জামায়াতের এই নেতা। গ্যাস-জ্বালানি, সার সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দলীয়করণের বিষয়ে তিনি বলেন, সরকারের দায়িত্বে যারা এসেছেন তারা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেন নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১৩শ ভোটে তাকে হারানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
গণরায় নিয়ে তিনি বলেন, সরকারপ্রধান নির্বাচনের আগে এসে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়ার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের পর সরকারপ্রধান সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, শিবির নেতা সামসুল আলমসহ অন্যরা।