× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ, বাসে আগুন

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম

শ্রমিকদের একটি গ্রুপ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার সামনে দুইটি বাস ও একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রমিকদের একটি গ্রুপ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার সামনে দুইটি বাস ও একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে কোতয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভসহ বিভিন্ন সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।  বৃহস্পতিবার সকাল সাতটা থেকে থানাসহ জেলা শহরের বিভিন্ন প্রবেশপথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আড়াআড়িভাবে রেখে তারা অবরোধ করেন।

এ ঘটনায় থানার সামনে শ্রমিকরা দুপক্ষে বিভক্ত হয়ে পড়লে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। পরে দুপুরে থানার সামনে শ্রমিকদের একপক্ষ বাসে আগুন দিলে দুটি বাস ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

অন্যদিকে শহরের থানা গেট, কলেজ মোড়, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, শের শাহ্‌ বটতলী মোড়, মহারাজা মোড়, দশ মাইলসহ বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ট্যাংকলড়ি, এম্বুল্যান্সসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর শহরের মহারাজা বটতলী (রাজারহাট) এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শেখ বাদশাকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন জানান, নিদিষ্ট মামলার ভিত্তিতে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি করা বৈষম্যবিরোধী একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

বাদশাহ সমর্থিত বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকদের অভিযোগ, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কিছু নেতাকর্মীর সহযোগিতায় পুলিশকে চাপ প্রয়োগ করে শেখ বাদশাকে গ্রেপ্তার করিয়েছেন, যাতে তিনি নির্বাচনে অংশ নিতে না পারেন। বিক্ষোভকারীরা শেখ বাদশাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার শ্রমিকদের সঙ্গে থানার সামনে অবস্থান নেন বাদশার স্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি অভিযোগ করেন, তার স্বামী বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নন। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি গ্রেপ্তারের পর জানতে পারেন। 

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ হোসেন জানান, শেখ বাদশার নামে মামলা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু কতিপয় শ্রমিক থানা আক্রমণ করে তাকে ছাড়িয়ে নিতে একধরনের মব সৃষ্টি করেছে। সড়ক অবরোধ করে জনভোগান্তি করছে। তারা যেহেতু সরকারি দলের সঙ্গে আছেন, স্বাভাবিকভাবে পুলিশকে সহযোগিতা করার জন্য তারা ১০ জনের মতো আসেন। তখন শেখ বাদশার লোকজন তাদের ওপর হামলা করেন।

দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন জানান, উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। আলোচনার প্রস্তুতি চলছে।

শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত: এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী (দুলাল)। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি আলোচনা করে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা